ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরাইল উপজেলার কুইট্টা ঘাটে শনিবার রাতে কয়েকটি যানবাহনে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে টেম্পু চালক ও যাত্রীসহ পাঁচজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে তিনজন হলেন- টেম্পু চালক বিজয় কুমার, নাসির নগরের কুলিকুণ্ডা গ্রামের রহিম মিয়ার ছেলে টেম্পু চালক সাত্তার মিয়া এবং যাত্রী নাসিরপুর গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহজাহান মিয়া।
এদের নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
বিজয় কুমার সাংবাদিকদের জানান, রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-নাসিরনগর সড়কের কুইট্টা এলাকা অতিক্রম করার সময় তিনি দেখতে পান কয়েকটি যানবাহনে ডাকাতি হচ্ছে। দ্রুত এলাকা অতিক্রম করার সময় মুখোশ পরা কয়েকজন সশস্ত্র ডাকাত তাকে ঘিরে ফেলে এবং বেঁধে মারধর করে টাকা পয়সা ও মোবাইল ফোন সেট নিয়ে যায়।
বিজয় আরও জানান, ১০/১২ জনের একদল ডাকাত ইঞ্জিন চালিত নৌকায় এসে রাস্তায় দাঁড়িয়ে অন্তত ৭টি যানবাহনের যাত্রী ও চালককে বেঁধে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন সেট ও জ্বালানি তেলের ক্যানসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। টাকা না পেয়ে তারা তিনটি টেম্পু ভাংচুরও করেছে।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে এলে ডাকাতরা পালিয়ে যায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখলাখ হোসেন বলেন, "ডাকাতির ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি বলে কোনো মামলা হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০১ ঘ.
bdnews24