চট্টগ্রাম, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর ডবলমুরিং থানার চারিয়া পাড়া এলাকার একটি বাসা থেকে রোববার ৫০০ টাকার ৫০টি জাল নোটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত দম্পতি বাবুল মিয়া ও রিমা আক্তার ওরফে রেখার বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার সংকরপুরে।
র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর চারিয়া পাড়া হাজী সালামত আলীর বাড়িতে বাবুল-রেখা দম্পতির ভাড়া ফ্ল্যাট থেকে একই নম্বরের ৫০০ টাকার ৫০টি জাল নোট উদ্ধার করে র্যাব সদস্যরা।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ দম্পত্তি স্বীকার করেছে তারা দীর্ঘদিন থেকে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত। নগরীর টাইগারপাস এলাকার মনির হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে তারা জাল নোট সংগ্রহ করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমএসবি/২০৪৫ ঘ.
bdnews24