২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি বোমার সন্ত্রাসে দেশ কেঁপেছিল যেদিন

তিন বছর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩টি জেলায় জঙ্গিদের একযোগে বোমা হামলায় প্রকম্পিত হয়ে উঠেছিল পুরো দেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বছর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩টি জেলায় জঙ্গিদের একযোগে বোমা হামলায় প্রকম্পিত হয়ে উঠেছিল পুরো দেশ। মুন্সীগঞ্জ বাদে দেশের সবকটি জেলার ৬শ'৩৪টি স্থানে একযোগে বোমা ফাটিয়ে নিজেদের অস্তিত্বের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের জঙ্গি সংগঠনটি। তৎকালীন চার দলীয় জোট সরকার জেএমবিকে 'মিডিয়ার কল্পনা' বলে দাবি করে আসার পর এ ঘটনার মাধ্যমে জাজ্বল্যমান সত্যে পরিণত হয়েছিল তা। ১৭ আগস্ট যা ঘটেছিল সারাদেশের ৬৩টি জেলায় (মোট জেলা ৬৪) একের পর বোমা বিস্ফোরণে স্তম্ভিত হয়ে যায় দেশ। ৬শ' ৩৪ টি স্থানে একযোগে খুব অল্প সময়ের ব্যবধানে বোমা ফাটানো হয়। সন্ত্রাসের ব্যাপকতার তুলনায় তেমন হতাহত না হলেও ঘটনার আকস্মিকতা এবং পরিচালনাকারীদের সংগঠন দক্ষতার কথা ভেবে সচকিত হয়ে ওঠে সরকার ও দেশবাসী। বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অনেক জায়গায় জঙ্গিদের প্রচারণামূলক লিফলেট ছড়ানো হয়। এতে বলা হয়, প্রচলিত সমাজ ও রাষ্ট্রব্যবস্থা বদলে 'আল্লাহর আইন' চালু করাই তাদের লক্ষ্য। ২০০৫ এর ১৭ আগস্ট দিনটি ছিল বুধবার। সকাল ১০টার একটু আগে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভায় ডেকেছিলেন পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের। সভার মধ্যেই পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আব্দুল কাইয়ুমের মোবাইল ফোনে রাজধানীর অদূরে নারায়ণগঞ্জে প্রথম বোমা বিস্ফোরণের খবর আসে। এর কিছুক্ষণ পরেই আরো বিস্ফোরণের খবর আসতে থাকায় কর্মকর্তাদের মধ্যে ছোটাছুটি পড়ে যায়। সভা বাদ দিয়ে তারা যে যার দপ্তরে ছুটে যান। খোদ রাজধানীর হাইকোর্ট, প্রেসক্লাব ও হোটেল শেরাটনসহ ৩৩টি গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক বোমার বিস্ফোরণ ঘটে। আতঙ্কিত মানুষ ছুটে যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে। সবগুলো বোমা বিস্ফোরণস্থলেই পাওয়া যায় একই আলামত। স্কচটেপ, ধানের তুষ, বৈদ্যুতিক সুইচ, ঘড়ির অংশ বিশেষ আর লিফলেট। লিফলেটে লেখা ছিল "মানুষের তৈরি তাগুতি আইন মানি না। প্রচলিত বিচার ব্যবস্থা বন্ধ কর। ইসলামী হুকুমত কায়েম কর।" বিএনপি-জামাত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার জঙ্গিবাদের বিষয়টি উপেক্ষা করে এলেও ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার দু'মাস পর হরকাতুল জিহাদ বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর পর ২৩ ফেব্র"য়ারি '০৬-এ নিষিদ্ধ ঘোষণা করা হয় জেএমবি এবং জাগ্রত মুসলিম জনতা বা জেএমজেবিকে। এর আগে ২০০৩ সালের ১৯ ফেব্র"য়ারি নিষিদ্ধ ঘোষণা করা হয় শাহাদত-ই-আল হিকমাকে। বিভিন্ন সরকারের সময় কম-বেশি প্রশ্রয় এমনকি মদদ পেয়ে আসা এসব সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার পেছনে আন্তর্জাতিক চাপ সক্রিয় ছিল বলে মনে করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১৯১২ঘ.