ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর আম্বরখানা এলাকায় রোববার দ্রুতগামী ট্রাক চাপায় তিন শিশু মারা গেছে ।
বগুড়ার শাহজাহানপুরে দুপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে মারা গেছেন তিনজন।
আমাদের সিলেট প্রতিনিধি জানান, নগরীর আম্বরখানা এলাকায় রোববার সকালে দ্রুতগামী ট্রাক চাপায় তিন শিশু মারা গেছে।
এরা হলো- আম্বরখানার শ্রাবণী কলোনির কেফী মিয়ার দুই ছেলে সুমন (১২) ও রতন (১০) এবং একই কলোনির হীরা (১০)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নওরোজ আহমদ জানান, রতন, সুমন ও হীরা খেলাচ্ছলে রিকসা চালাতে চালাতে হঠাৎ সিলেট-ওসমানী বিমানবন্দর সড়কে উঠে আসে। এ সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়া-নাটোর সড়কে শাহজাহানপুর উপজেলার গোহাইল এলাকায় রোববার দুপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
নিহতরা হলেন- বগুড়া সদরের সোনাতলার হরিখালির উত্তর করমজা গ্রামের জুয়েল ও বড় কুমুড়িয়ার হাজী হেলাল এবং নাটোর সদর উপজেলার বড় বাড়িয়া গ্রামের আব্দু রশিদ।
আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুর থেকে রাজশাহীগামী একটি বাস কনকচাঁপা গোহাইল এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
বাসের ভেতর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ২০ জনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১৩ ঘ.
bdnews24