ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে একটি পোশাক কারখানায় রোববার বয়লার বিস্ফোরণে ছয় নারী শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর ৭ নম্বর সেকশনে পূরবী মার্কেটের চার তলায় পোশাক তৈরির কারখানা 'লোডস্টার' এ বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় বয়লারের গরম পানি শরীরে ছিটকে পড়ে ছয় জন আহত হন।
আহতরা হলেন, নাসিমা (১৮), খাদিজা (১৯), লিজা (১৮), কাজলী (১৮), ডলি (২৪) ও নিলুফা (২২)। এদের মধ্যে নাসিমা, লিজা ও কাজলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জেকে/এসকে/১৮৫৬ঘ.
bdnews24