২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকাংশ স্থানে বৃষ্টি

দেশের অধিকাংশ স্থানে রোববার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এটাকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ চিহ্নিত করে আবহাওয়া কর্মকর্তারা বলছেন, এ অবস্থা আরও দুই-এক দিন চলতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 10:55 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অধিকাংশ স্থানে রোববার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এটাকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ চিহ্নিত করে আবহাওয়া কর্মকর্তারা বলছেন, এ অবস্থা আরও দুই-এক দিন চলতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দুপুর ১২টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে ৬১ মিলিমিটার। বিকাল ৩টা পর্যন্ত ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অধিদপ্তরের রোববার দুপুরে দায়িত্বরত পূর্বাভাস কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৌসুমী বায়ু দেশের অধিকাংশ স্থানে সক্রিয়। ফলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আগামী দুই-এক দিন অব্যাহত থাকতে পারে।" আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারে ২৪ মিলিমিটার, চট্টগ্রামে ২৭, রাঙামাটিতে ২, সীতাকুণ্ডে ১০, সন্দ্বীপে ২৩, মাইজদী কোর্টে ৩৮, কুমিল্লায় ১০, বরিশালে ১, ভোলায় ১২ এবং পটুয়াখালীতে ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগস্ট মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, এ মাসে এক থেকে দুইটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সামগ্রিকভাবে এ সময়ে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ শতাংশ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের উজানে বহ্মপুত্র-যমুনা অববাহিকার নদীগুলোতে পানি বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বন্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্যা পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। সাতটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর ফলে কয়েকটি এলাকায় কিছুটা বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। তবে বিস্তীর্ণ এলাকায় বন্যা হওয়ার মতো পরিস্থিতি হয়নি।" ভারতের অরুণাচল, আসাম, মেঘালয়, বিহার, উত্তরপ্রদেশ ও গাঙ্গেয় অববাহিকায় গত কয়েকদিন ধরে ভারী বর্ষণের কারণে নদীর পানি বাড়ছে বলে সাইফুল হোসেন জানান। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় পানি উন্নয়ন বোর্ডের ৭৩টি নদ-নদীর পর্যবেক্ষণ পয়েণ্টের ৪৬টিতে পানি বেড়েছে, কমেছে ২৩টি পয়েন্টে এবং ৫টি পয়েন্টে পানি স্থিতিশীল রয়েছে। পদ্মা, সুরমা, কংশ, আড়িয়াল খাঁ ও কুশিয়ারা বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬৫০ ঘ.