২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার রাতে পবিত্র শবেবরাত

শনিবার রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। ইসলামী বর্ষপঞ্জির পাঁচটি মর্যাদাপূর্ণ রাতের মধ্যে অন্যতম এ রাতে আল্লাহ সবার ভাগ্য নির্ধারণ করেন বলে মুসলমানরা বিশ্বাস করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 05:38 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। ইসলামী বর্ষপঞ্জির পাঁচটি মর্যাদাপূর্ণ রাতের মধ্যে অন্যতম এ রাতে আল্লাহ সবার ভাগ্য নির্ধারণ করেন বলে মুসলমানরা বিশ্বাস করে। পবিত্র শবেবরাতের সন্ধ্যা নামতেই মসজিদগুলোতে ছেলে-বুড়ো ভিড় জমিয়ে আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশায় ইবাদত বন্দেগিতে শামিল হবেন। বাসা-বাড়িতেও প্রার্থনায় মগ্ন হবেন অনেকে। এ বাড়ি থেকে ও বাড়িতে পাঠানো হবে রুটি, হালুয়া, মিষ্টান্ন, পায়েস। পবিত্র এ রাত উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ পৃথক বাণী দিয়েছেন। ইসলামকে শান্তির ধর্ম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেছেন, "মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পাশাপাশি এই পৃথিবীকে মানুষের শান্তির আবাস ভূমিতে রুপান্তরিত করাই ইসলামের আদর্শ। এ আদর্শ বাস্তবায়নে আমরা পবিত্র কুরআনের দিক নির্দেশনা ও মহানবী হযরত মুহাম্মদ (স:) প্রদর্শিত পথ অনুসরণ করে আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে পারি।" প্রধান উপদেষ্টা বলেছেন, "পবিত্র রজনী 'লাইলাতুল বরাত' আমাদের মাঝে সমাগত। আল্লাহর নিকট সবার সর্বাঙ্গীণ কল্যাণ ও সৌভাগ্য কামনার এটি এক সুবর্ণ সুযোগ, মর্যাদাবান উপলক্ষ। এ উপলক্ষে আমি দেশবাসী এবং মুসলিম জাহানের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই।" ইসলামের আদর্শ অনুসরণ এবং মৌলিক গুণাবলী অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, "দেশবাসীর প্রতি আমার আবেদন, আসুন সকল ভেদাভেদ ভুলে একটি ন্যায়ভিত্তিক, জনকল্যাণমুখী, আলোকিত গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হই। সাম্য, মৈত্রী, সুবিচার, মানবতা ও সুশাসন প্রতিষ্ঠায় হই দৃঢ়প্রতিজ্ঞ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমএইচবি/২৩২৭ ঘ.