২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শ্রীলঙ্কান তরুণের আত্মহত্যা

রাজধানীর বারিধারায় শুক্রবার রামিলা ডি সিলভা (১৯) নামে এক শ্রীলঙ্কান নাগরিক আত্মহত্যা করেছে। এদিকে দুপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তিন ব্যক্তি। সন্দেহবশত পুলিশ তাদের আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বারিধারায় শুক্রবার রামিলা ডি সিলভা (১৯) নামে এক শ্রীলঙ্কান নাগরিক আত্মহত্যা করেছে। এদিকে দুপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তিন ব্যক্তি। সন্দেহবশত পুলিশ তাদের আটক করেছে। ক্যান্টনমেন্ট থানার উপ পরিদর্শক নূরে আজম জানান, রমিলা ডি সিলভা গুলশানের বিআইটি স্কুলের এ লেভেলের ছাত্র। তার বাবা সুধা ডি সিলভা ঢাকার একটি বায়িং হাউজে কাজ করেন। এ লেভেন পরীক্ষায় পাস করতে না পেরে হীনমন্যতা থেকে রামিলা আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশকে জানিয়েছে তার স্বজনরা। উপ পরিদর্শক নূরে আজম জানান, পরিবারের সদস্যরা সকালে ফ্যানের সঙ্গে ঝুলন্ত রামিলাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, সে মারা গেছে। পরে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে ক্যান্টনমেন্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এদিকে গুলশান থানার উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, দুপুর ১টার দিকে তিন ব্যক্তি একটি লাশ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যায়। নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তার পা একটি বক্ষবন্ধনী দিয়ে বাঁধা ছিল। শরীরে ছিল শুধু একটি স্যান্ডো গেঞ্জি। তার পরিচয় জানা যায়নি। আব্দুল হাই বলেন, "এটা স্পষ্ট যে তাকে পিটিয়ে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।" পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় লাশের বাহক সিএনজি চালক ফরাজী, মান্না ও রিয়াজকে আটক করেছে পুলিশ। তারা পুলিশকে জানিয়েছে, মহাখালী ফ্লাইওভারের উত্তরপাশ থেকে কয়েকজন লোক লাশটি তাদের সিএনজিতে তুলে দেয়। তবে তাদের তিনজনের কথায় গরমিল পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২২৩২ ঘ.