ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে শুক্রবার ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে প্রতীকী ফাঁসি মঞ্চ তৈরি করে খুনিদের ফাঁসির রায় কার্যকর করে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী প্রতীকী ফাঁসি কার্যকর করেন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আহাদ চৌধুরী বলেন, "হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের প্রতীকী ফাঁসি কার্যকর করে মুক্তিযোদ্ধার সন্তানরা যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করে বর্তমান সরকার বাস্তবেও আদালতের রায় বাস্তবায়ন করবে বলে আমরা বিশ্বাস করি।"
'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' এর সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক ভূমি প্রতিমন্ত্রী হাজী রাশেদ মোশারফ, সাবেক সাংসদ তহুরা আলী, লেখক সাংবাদিক মুক্তিযোদ্ধা সামছুল আরেফিন খান, প্রজন্ম '৭১ এর সভাপতি সাংবাদিক শাহীন রেজা নূর, সভাপতিমণ্ডলীর সদস্য আলমগীর হোসেন, এমদাদুল হক, জাহিদুল ইসলাম মোল্লা, সালমান মাহমুদ জসীম, নরুজ্জামান ভুট্টো বক্তব্য রাখেন।
এর আগে আয়োজক সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/এমএইচবি/২২০৯ ঘ.
bdnews24