২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সিটি নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের পরিকল্পনা

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনেই প্রথম স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের আগে ঢাকাতেই পরীক্ষামূলকভাবে তা করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। উপজেলা নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 11:08 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনেই প্রথম স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের আগে ঢাকাতেই পরীক্ষামূলকভাবে তা করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। উপজেলা নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার হচ্ছে না। কারচুপি রোধ নিশ্চিত করতে দেশের নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের পরিকল্পনা এবারই প্রথম। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে ইসি। একই মাসে তিনশ'র বেশি উপজেলা পরিষদ নির্বাচনের পরিকল্পনাও রয়েছে। ঘোষণা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরে। জাতীয় নির্বাচনের জন্য প্রায় আড়াই লাখ স্বচ্ছ ব্যালট বাক্স অক্টোবরের মধ্যে কানাডা থেকে দেশে এসে পৌঁছবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। জাতিসংঘ সংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও সরকার গৃহীত এ প্রকল্পে অর্থ সহায়তা দিচ্ছে কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিডা)। নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চুক্তি অনুযায়ী অক্টোবরে চাহিদা মতো সব স্বচ্ছ ব্যালট বাক্স হাতে পেলেও উপজেলা নির্বাচনে তা ব্যবহার করা হবে না। তবে জাতীয় নির্বাচনের আগে পরীক্ষামূলকভাবে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের পরিকল্পনা রয়েছে আমাদের। তাই ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনে এগুলো ব্যবহার করা যেতে পারে।" উপজেলা নির্বাচনে বরাবরের মতোই স্টিলের ব্যালট বাক্স ব্যবহার হবে বলে তিনি জানান। ইসির যুগ্মসচিব রফিকুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির প্রক্রিয়া শেষ; এখন আসার পালা। ব্যালট বাক্সের প্রথম চালান আগামী মাসের প্রথম সপ্তাহেই চট্টগ্রাম বন্দরে পৌঁছবে।" গত ৪ আগস্ট মেয়াদোত্তীর্ণ চার সিটি কর্পোরেশন- রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনায় নির্বাচন হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়েছে গত বছরের মে মাসে। কিন্তু ভোটার তালিকার কাজ শেষ না হওয়ায় এখানে আগে নির্বাচন করা যায়নি। ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিসিসিতে ৩৫ লক্ষাধিক ভোটার বিবেচনায় এনে দুই হাজারের বেশি ভোটকেন্দ্রে প্রায় ১৩ হাজার ব্যালট বাক্স লাগবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে গত জুনে ইসি নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স সংগ্রহের প্রক্রিয়া শুরু করে। এ লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উদ্যোগে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির মধ্যে ৪৫ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়সাপেক্ষ 'ট্র্যান্সলুসেন্ট ব্যালট বক্সেস' প্রকল্পের চুক্তি হয়। ২০০৬ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া সংসদ নির্বাচনে সারাদেশে ৩৩ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ১ লাখ ৭৮ হাজার ৫১টি ভোটকক্ষে (পোলিং বুথ) ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। ব্যালট বাক্সের সংখ্যা ছিল ২ লাখ ১১ হাজার ৩৬৯টি। এ হিসাব বিবেচনায় রেখে এবার জাতীয় নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্সের সম্ভাব্য চাহিদা ধরা হয় ২ লাখ ৪০ হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এসকে/১৬৪৭ঘ.