বগুড়া, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার গাবতলী উপজেলায় বরযাত্রীবাহী একটি বাস বৃহস্পতিবার রাতে রাস্তার পাশের খালে পড়ে বেশ কয়েকজন হতাহত হয়েছে। গভীর রাত পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ২৫ জন।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বরযাত্রীবাহী বাসটি গাবতলীর দুর্গাহাটা থেকে নেপালতলী ফেরার পথে রাত ৮টার দিকে কীর্ত্তনিয়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে শুকদহ খালে পড়ে যায়।
রাতেই তিন জনের লাশ উদ্ধার করা হয়। এদের এক জনের নাম বুলু মণ্ডল (৭০)। এক মহিলা ও শিশুর লাশ উদ্ধার করা হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. মোস্তাকিম।
মোস্তাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "পানির নিচে তলিয়ে যাওয়া বাসটিতে আরও মৃতদেহ থাকতে পারে।"
তবে বর ও কনে অন্য একটি মাইক্রোবাসে থাকায় তারা নিরাপদে রয়েছেন বলে ওসি বজলুর রহমান জানান।
দুর্ঘটনায় আহত পাঁচ জনকে তাদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এরা হলেন- হাসিনা (৫০), লুৎফর রহমান (৫০), সোনা মিয়া (১৮), হায়দার আলী (৬০), নইম উদ্দিন (৬৫)।
এছাড়া স্থানীয়দের সহায়তায় অনেককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিল বলে উদ্ধার হওয়া যাত্রীরা জানায়।
দুর্ঘটনার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে যায়। তবে সঙ্গে ডুবুরী না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করা যায়নি।
সারিয়াকান্দি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসটি ৩ থেকে ৪ ফুট পানির নিচে আছে। এর ভেতর কোনও লাশ আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য রাজশাহী থেকে ডুবুরিদের আনা হচ্ছে।"
উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বকশীবাজার এলাকার মো. লোকমানের ছেলে সুরুজ্জামানের সঙ্গে একই উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বৈঠাভাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের আমিনার বিয়ে উপলক্ষে তারা ৪টি মাইক্রোবাস ও একটি মিনিবাস নিয়ে কনের বাড়ি গিয়েছিলেন। ফেরার পথেই দুর্ঘটনায় পড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৭ ঘ.
bdnews24