২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩ বছর পার, তবু বিচার শেষ হয়নি বঙ্গবন্ধু হত্যার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ৩৩ বছরেও শেষ হয়নি চূড়ান্ত বিচার। একযুগেরও বেশি সময় ধরে থেমে থেমে চলছে মামলার বিচার কার্যক্রম। এখন প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে আপিল বিভাগে আটকে আছে মামলার আপিলের শুনানি। জানাচ্ছেন অমিত তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 02:34 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ৩৩ বছরেও শেষ হয়নি চূড়ান্ত বিচার। একযুগেরও বেশি সময় ধরে থেমে থেমে চলছে মামলার বিচার কার্যক্রম। বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে আপিল বিভাগে এ মামলার আপিলের শুনানি শুরু হচ্ছে না। নিম্ন আদালতে ১৯৯৮ সালে হত্যা মামলাটির রায় হলে এর বিরুদ্ধে আবদনে করে আসামিপক্ষ। তিন বছর বাদে এর ওপর রায় দেয় হাইকোর্ট। এরও ছয় বছরের বেশি সময় পরে ২০০৭ সালে আপিল বিভাগ আসামিদের আপিল শুনানির জন্য গ্রহণ করে। তবে গত এক বছরে সেই আপিলের শুনানি শুরু হয়নি। আপিল বিভাগে বর্তমানে কর্মরত পাঁচ বিচারপতির মধ্যে তিনজনই বিভিন্ন কারণে এ আপিলের শুনানি গ্রহণ করতে পারবেন না। শুনানি শুরুর জন্য প্রয়োজন নতুন আরো একজন বিচারপতি। তাই আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগ বা অ্যাডহক বিচারপতি নিয়োগের মাধ্যমেই কেবল শুরু হতে পারে হত্যা মামলাটির আপিলের শুনানি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ২ অক্টোবর আওয়ামী লীগ সরকারের সময় মামলা করা হয়। নিম্ন আদালতে বিচারকের অসুস্থতাসহ বিভিন্ন কারণে বিচারে বিলম্ব হয়েছে। মামলার অভিযোগ গঠনসহ প্রতিটি বিষয় হাইকোর্টে চ্যালেঞ্জ করায় বিচার কাজের গতি ছিল ধীর। হাইকোর্টেও এ মামলার আপিল শুনানিতে বেশ কয়েকজন বিচারপতি বিব্রতবোধ করায় শুনানিতে দেরি হয়। ২০০১ সালে হাইকোর্টের চূড়ান্ত রায় হওয়ার পর বিচারক বিব্রতবোধ হওয়া ও বিচারক স্বল্পতার কারণে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আপিলের শুনানি স্থবির হয়ে পড়ে। হাইকোর্ট ও আপিল বিভাগের ছয়জন বিচারপতি এ মামলার শুনানি গ্রহণে বিব্রত হয়েছেন। গত বছর ২ আগস্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের আবেদনের (লিভ টু আপিল) ওপর শুনানির জন্য বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি মো. হাসান আমিনের বেঞ্চ ওই বছর ৭ আগস্ট আবেদনের ওপর শুনানি গ্রহণ শুরু করে। গত বছর ২৩ সেপ্টেম্বর আদালত কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করে। ওই বছরের ৩০ অক্টোবরের মধ্যে পেপারবুক তৈরি করে জমা দিতে আসামিপক্ষকে নির্দেশ দেওয়া হয়। তারা নির্ধারিত সময়ে পেপারবুক আদালতে জমাও দেয়। কিন্তু এরপর প্রায় এক বছর হয়ে গেলেও আপিলের শুনানি এখনো শুরু হয়নি। বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানিতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৭ সাল থেকে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের বিচারে অনেক অগ্রগতি হয়েছে। তবে এই মুহূর্তে আপিল শুনানি করার জন্য আপিল বিভাগে প্রয়োজনীয়সংখ্যক বিচারপতি নেই।" তিনি জানান, আপিল বিভাগে বর্তমানে পাঁচ জন বিচারপতি আছেন। এ আপিলটি শুনানির জন্য কমপক্ষে তিনজন বিচারপতি প্রয়োজন। কিন্তু বর্তমান প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন ও বিচারপতি এম এ মতিন হাইকোর্টে বিচারপতি থাকার সময় মামলাটির শুনানিগ্রহণে বিব্রতবোধ করেছিলেন। আরেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম হাইকোর্টে থাকার সময় তৃতীয় বিচারপতি হিসেবে এ মামলায় রায় দিয়েছিলেন। তাই এই তিন বিচারপতি আপিলের শুনানিগ্রহণ করতে পারবেন না। অ্যাডভোকেট আনিসুল হক বলেন, "আপিল বিভাগের বিচারপতি তাফাজ্জাল ইসলাম ও বিচারপতি জয়নাল আবেদীন কেবল এ আপিলের শুনানি গ্রহণ করতে পারবেন। তবে এ জন্য আরো একজন বিচারপতি প্রয়োজন। এ কারণে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানি হতে পারছে না।" অ্যাডহক বিচারপতি নিয়োগ দিয়ে আপিলটি শুনানির ব্যবস্থা করতে সরকার বা প্রধান বিচারপতির কাছে আবেদন করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আশা করছি আপিল বিভাগে দু'জন বিচারপতির শূন্য পদ শিগগিরই পূরণ করা হবে। প্রয়োজনীয়সংখ্যক বিচারপতি হলেই আমরা আপিলটি শুনানির জন্য আবেদন জানাব।" আপিলের শুনানি হওয়া উচিত মন্তব্য করে আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের আইনজীবী আবদুর রেজ্জাক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিলের শুনানির জন্য প্রয়োজনীয়সংখ্যক বিচারপতি বর্তমানে আপিল বিভাগে নেই। তাই অ্যাডহক ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি নিয়োগ দিয়ে শুনানি শুরু করা যেতে পারে।" তিনি বলেন, "এ মামলায় গুরুত্বপূর্ণ আইনের প্রশ্ন জড়িত। তাই বেশি সংখ্যক বিচারপতি নিয়ে বৃহত্তর বেঞ্চ করে আপিলের শুনানি হওয়া উচিত।" অন্য দুই আসামি অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও মেজর এ কে এম মহিউদ্দিন আহমেদের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। হত্যার সঙ্গে যারাই জড়িত তাদের শাস্তি হওয়া উচিত। তবে বজলুল হুদা ও মহিউদ্দিন নির্দোষ।" আপিলের প্রস্তুতি বিষয়ে তিনি জানান, "২০০৭ সালের ৩০ অক্টোবরের মধ্যে পেপারবুক তৈরি করে শুনানির জন্য প্রস্তুত করতে বলেছিল সুপ্রিম কোর্ট। গত বছর ২৩ সেপ্টেম্বরের দেওয়া আদেশের পর ৮০ হাজার পৃষ্ঠার পেপারবুক করে সময়মতো জমা দেওয়া হয়েছে। " ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ হত্যার বিচারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ওই বছরের নভেম্বর দায়মুক্তি অধ্যাদেশ জারি করে মোশতাক সরকার। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধ্যাদেশটি করা হলে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ উন্মুক্ত হয়। শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকার সময় তার ব্যক্তিগত সহকারী মুহিতুল ইসলাম হত্যাকাণ্ডর প্রায় ২১ বছর পর ১৯৯৬ সালের ২ অক্টোবর ধানমন্ডি থানায় ২০ আসামির বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ওই বছরের ১২ মার্চ ঢাকায় দায়রা জজ আদালতে শুরু হয় মামলাটির বিচার। একই বছর ৭ এপ্রিল আদালত ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। ১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার দায়রা জজ গোলাম রসুল ২০ আসামির মধ্যে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তখন কারাগারে থাকা চার আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল (বরখা