চট্টগ্রাম, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত 'জাতীয় কয়লা নীতি' আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য জ্বালানি মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে উপদেষ্টা পরিষদ।
এছাড়া, পরিষদের বৈঠকে চট্টগ্রাম জেলার জন্য 'কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি' গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম সার্কিট হাউজে বুধবার সকাল ১১টা থেকে তিন ঘণ্টা বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রস্তাবিত কয়লা নীতির ওপর বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "অনেকগুলো বিষয়ে উপদেষ্টা পরিষদের সদস্যরা তাদের মতামত দিয়েছেন। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ভবিষ্যতে খসড়াটি আবার উত্থাপনের জন্য জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।"
'জাতীয় কয়লা নীতি'র প্রস্তাবটি গত ১৫ জুলাই পাঠানো হয় মন্ত্রিপরিষদ বিভাগে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার সেটি উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হয়।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, "চট্টগ্রামের বিভিন্ন সমস্যা স্বল্পতম সময়ের মধ্যে সমাধানের জন্য বিশদ আলোচনা শেষে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুততম সময়ে চট্টগ্রামে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ ও ফার্নেস অয়েল নির্ভর একটি ভাড়া করা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এর মধ্যে অন্যতম।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "স্বল্পতম সময়ে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করার জন্য আমদানি করা ফার্নেস অয়েলের মাধ্যমে ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। এ কেন্দ্র থেকে পাওয়া বিদ্যুৎ ভর্তুকি দিয়ে কিনে ভোক্তাদের সরবরাহ করবে সরকার।"
চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু অভিহিত করে ফখরুদ্দীন বলেন, "বন্দরের বর্তমান সংস্কার ও অগ্রগতি ধরে রাখার জন্য সরকার আইনের সংস্কার ও নতুন আইন প্রণয়ণসহ প্রয়োজনীয় সব পদেক্ষেপ নেবে।"
প্রেস ব্রিফিংয়ে বুধবারের বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও প্রকল্পের বর্ণনা করে চট্টগ্রামের সন্তান শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "চট্টগ্রামের গ্যাস, বিদ্যুৎ ও পানি সঙ্কটের বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে গঠিত একটি জাতীয় কমিটি বিভিন্ন সুপারিশ গ্রহণ করে। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বল্প ও দীর্ঘ মেয়াদি এসব সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।"
তিনি বলেন, "গ্যাসের অভাবে চট্টগ্রামে তিন হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ ও বিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে বাঙ্গুরা ও বাখরাবাদের বিভিন্ন গ্যাস ফিল্ড থেকে বন্দরনগরীতে এক মাসের মধ্যে আরো ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগের পরিমাণের বিবেচনায় এরই মধ্যে স্থাপিত শিল্প কারখানায় এবং ১০ মিলিয়ন ঘনফুট বিদ্যুৎ উৎপাদনের জন্য বরাদ্দ দেওয়া হবে।"
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও বন্দর কর্তৃপক্ষ সমন্বিত কার্যক্রম চালাবে জানিয়ে তিনি বলেন, "এরই মধ্যে প্রস্তুত প্রকল্পে সরকার অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে নগরীর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য সম্ভাব্যতা যাচাই শেষে সেপ্টেম্বর নাগাদ দুটি স্লুইস গেট নির্মাণ কাজ শুরু করা হবে।"
ছয়টি বেসরকারি স্কুলের অবকাঠামো উন্নয়ন ও দুটি মডেল স্কুল ও কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা।
তিনি জানান, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের অক্সিজেন-হাটহাজারী অংশ চার লেইনে উন্নীত ও বহদ্দারহাট থেকে নতুন কর্ণফুলী সেতু পর্যন্ত সড়ককে প্রশস্ত করাসহ চট্টগ্রাম অঞ্চলে ছয়টি সড়ক প্রকল্প বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া, চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং ঘুনদুম পর্যন্ত রেল রেল যোগাযোগ ব্যবস্থা দ্রুত চালুর বিষয়টি অলোচিত হয়েছে বৈঠকে।
শিক্ষা উপদেষ্টা জানান, সুপেয় পানি সমস্যা নিরসনে মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্পের জন্য সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়ার বিষয়টি আলোচিত হয়েছে। এ প্রকল্পের অনুদানের জন্য ইতালি সরকারকে রাজি করাতে সংশ্লিষ্টরা কাজ শুরু করবে।
বৈঠকে নেওয়া অন্য সিদ্ধান্তগুলোর মধ্যে আছে, চট্টগ্রাম বন্দরে কৃষিজাত পণ্যের আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ করতে কোয়ারেন্টাইন প্ল্যান্ট ও পরীক্ষাগার আধুনিকায়ন, নগরীতে আইটি ভবন স্থাপন, সার্কিট হাউজের একটি এনেক্স ভবন নির্মাণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি জিমনেসিয়াম ও সমাজবিজ্ঞান অনুষদের ৬ষ্ঠ ও সপ্তম তলা বর্ধিত করতে অর্থ বরাদ্দ করা এবং নগরীতে গুদাম সঙ্কট নিরসনে দেওয়ানহাট এলাকায় সাতটি গুদাম নির্মাণ।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম থেকে প্রকাশিত ছয়টি দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের তসলিম উদ্দিন চৌধুরী, সুপ্রভাত বাংলাদেশ এর রুশো মাহমুদ, দ্য পিপলস্ ভিউ এর ওসমান গণি মনসুর, দৈনিক কর্ণফুলীর আফসার উদ্দিন চৌধুরী ও বীর চট্টগ্রাম সম্পাদক ওমর ফারুক চট্টগ্রামে বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এ ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়ে জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে সম্পাদকদেরকেও ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রথমবারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল ছাড়া বাকি সব উপদেষ্টা, অন্য চার বিশেষ সহকারী এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/জিএনএ/১৯৩৭ ঘ.
bdnews24