ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব না দেওয়ার অভিযোগে সাবেক আইন উপদেষ্টা বিচারপতি ফজুলল হকের মেয়ের জামাই তারিকুর রহমান প্রিন্সের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেওয়া হবে আগামী ২১ আগষ্ট।
বুধবার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান রায় ঘোষণার এ দিন ধার্য করেন।
সম্পত্তির হিসাব না দেওয়ায় গত ৮ মে কমিশনের সহকারি পরিচালক মোহাম্মদ ইব্রাহিম তারিকের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন।
দুর্নীতির আভিযোগে বিচারপতি ফজুলল হকের বিরুদ্ধে গত ১৩ মার্চ মামলা করে কমিশন। এছাড়াও ফজলুল হকের ছেলে ডা. আফজাল হোসেন রাজ, রাজের বন্ধু সুজাউদ্দিন হাসান সুজন ও জাস্টিস খান ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল মালেকের সম্পত্তির হিসাব চেয়েও নোটিশ পাঠায় কমিশন।
ফজলুল হকের বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়, তিনি অবৈধভাবে ৯৭ লাখ ৩৭ হাজার ৪৪ টাকার সম্পত্তির মালিক হয়েছেন এবং কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে এই সম্পদের তথ্য গোপন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৮৪১ ঘ.
bdnews24