দিনাজপুর, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দিনাজপুরে দুই দিনব্যাপী অনুষ্ঠান বুধবার শুরু হয়েছে।
সকালে দিনাজপুর লোকভবনে অনুষ্ঠান উদ্বোধন করেন আদিবাসী নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক উ-সুয়ে। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কামাল লোহানী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
গবেষণা ও উন্নয়ন কালেকটিভ আয়োজিত দুই দিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে- আদিবাসী মেলা, আলোচনা সভা, আদিবাসী শিক্ষার্থীদের মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে কামাল লোহানী আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ভূমির অধিকার দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, "এ ভূখণ্ডে বৃটিশবিরোধী সংগ্রাম থেকে শুরু করে সব আন্দোলনে আদিবাসীদের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। অথচ তাদেরই আজ অস্তিত্বের সংগ্রাম করতে হচ্ছে। এটা গোটা জাতির জন্য লজ্জাকর।"
কামাল লোহানী আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষালাভের ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, "এ সরকার জনগণের নয়, আমেরিকার স্বার্থ দেখছে।"
তিনি অভিযোগ করেন, ট্রুথ কমিশনের নামে সরকার দুর্নীতিবাজদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ফুলবাড়ি কয়লা খনি ইজারা দেওয়ারও বিরোধিতা করেন কামাল লোহানী।
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেসবাহ কামাল, সঙ্গীতশিল্পী বুলবুল মহলানবীশ, আদিবাসী নেতা অনিল মারাণ্ডি, দিনাজপুর পৌরসভার মেয়র সফিকুল হক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৭ ঘ.
bdnews24