ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের ২০ আগস্ট হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। (আরো তথ্যসহ)
মামলাটির অভিযোগ গঠন করা হবে কিনা এ সংক্রান্ত আদেশ দেওয়ার জন্য একই দিন সময় ধার্য করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনাকে অবশ্যই হাজিরা দিতে হবে কিনা এ নিয়ে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা পরস্পরবিরোধী মত দিয়েছেন। শেখ হাসিনা মামলাটিতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন।
মঙ্গলবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার সংসদ ভবনে স্থানান্তরিত বিশেষ এজলাসে বসে এ দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ বি এম সরফুদ্দিন আহমেদ মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ২০ আগস্ট এ মামলার সব আসামিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত।"
সরকারের নির্বাহী উদ্যোগে দণ্ডবিধির ৫৪০ (ক) সাময়িক মুক্তি নিয়ে শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন।
মঙ্গলবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে হাসিনার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন তার পক্ষে একটি আবেদন জমা দেন। এতে তিনি হাসিনা দেশে না ফেরা পর্যন্ত অভিযোগ গঠন না করার জন্য আদালতকে আবেদন জানান।
তিনি যুক্তি দিয়ে আরও বলেন, "ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি নিলেও অভিযোগ গঠনের সময় আসামির উপস্থিত থাকা বাধ্যতামূলক।"
কিন্তু অভিযোগ গঠনের সময় হাসিনার উপস্থিতি বাধ্যতামূলক নয় এ কথা বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ বি এম সরফুদ্দিন আহমেদ মুকুল আদালতকে বলেন, "আসামি যখন ৫৪০ (ক) ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি নেন তখন অভিযোগ গঠনের সময় তার উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। এছাড়াও আসামির পক্ষে তার নিযুক্ত আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি, আসামির পক্ষে আদালতে হাজিরা দেওয়াসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন। সুতরাং এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক।"
এরপর বিচারক শেখ হাসিনার আইনজীবীর আবেদন নাকচ করে এ মামলার আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ আরো একমাস বাড়ায় সরকার।
এ সংক্রান্ত সরকারি আদেশে বলা হয়েছিল, শেখ হাসিনার সাময়িক মুক্তির সময়সীমা বাড়াতে তার স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হল। আগস্টের ৭ তারিখ থেকে সময়সীমা বৃদ্ধি কার্যকর হবে বলে এতে জানানো হয়।
এ মামলার অন্যতম আসামি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মুস্তাফিজুর রহমান গত ৩ আগস্ট মারা গেছেন। তার আইনজীবী এস এম কামরুল হাসান মঙ্গলবার বিষয়টি আদালতকে লিখিতভাবে অবহিত করেন এবং মুস্তাফিজুরের মৃত্যসনদও আদালতে উপস্থাপন করেন।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনকে আসামি করা হয়। এতে অভিযোগ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে 'অপ্রয়োজনে' এই ৮টি মিগ-২৯ বিমান কেনায় রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।
২০০৩ সালের ২৯ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরই হাসিনা মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এর কার্যক্রম স্থগিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এসকে/১১৪৫ঘ.
bdnews24