ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি দলীয় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে তিন মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি মামলাটিতে তার বিরুদ্ধে কার্যক্রমও এই সময় পর্যন্ত স্থগিত করেছে।
এছাড়া তার বিরুদ্ধে মামলাটির কার্যক্রম কেন বাতিল করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করা হয়েছে।
সোমবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ খন্দকার মোশাররফের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
খন্দকার মোশাররফের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং তাকে সহায়তা করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুল হক।
চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব দুর্নীতির মাধ্যমে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও মান্নান ভূঁইয়াসহ মোট আসামি ২৪ জন।
গত বছর ২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। প্রথমে খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করা হয়েছিল।
পরে চলতি বছরের ১৩ মে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে আগের ১৩ জনের সঙ্গে জোট সরকারের ১০ জন মন্ত্রীসহ মোট ২৫ জনকে আসামি করে দুদক। তবে আসামিদের মধ্যে সাবেক নৌ মন্ত্রী আকবর হোসেন মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
এ মামলায় গত ২৮ জুলাই মান্নান ভূঁইয়া ও শামসুল ইসলামকে দুই মাসের জামিন দেয় হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/১৬৩৭ঘ.
bdnews24