২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিসি কলেজের কর্মসূচিতে বাধার ঘটনায় মামলা, আটক শিবির নেতা কারাগারে

বাগেরহাট সরকারি পিসি কলেজের ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালনে বাধা দেওয়ার অভিযোগে আটক ইসলামী ছাত্র শিবির নেতা মঞ্জুরুল হক রাহাতকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

বাগেরহাট, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সরকারি পিসি কলেজের ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালনে বাধা দেওয়ার অভিযোগে আটক ইসলামী ছাত্র শিবির নেতা মঞ্জুরুল হক রাহাতকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সরকারি পিসি কলেজ কর্তৃপক্ষ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে বাধা দেওয়া এবং কলেজের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে দেওয়া পুষ্পমাল্য ছিঁড়ে পদদলিত করেন শিবির ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনায় জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ও হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র মঞ্জুরুল হক রাহাতকে পুলিশ আটক করে। কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন শনিবার রাতেই বাগেরহাট সদর থানায় একটি মামলা করেন। মামলায় শিবির ও ছাত্রদলের আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। এরা হলেন- রাহাত, শিবিরের কলেজ শাখার অফিস সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদল কলেজ শাখার সাবেক আহবায়ক ও হিসাব বিজ্ঞানের ছাত্র সাজ্জাদ হুসাইন, কলেজ ছাত্র সবুজ, সজীব, হাসান ও শাওন। সদর থানার উপ-পরিদর্শক মো. মোফাজ্জেল হোসেন মামলা হওয়া খবর নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে বেআইনিভাবে একতাবদ্ধ হয়ে কলেজ প্রাঙ্গণে অনধিকার প্রবেশ এবং কলেজ প্রতিষ্ঠাতার প্রতিকৃতি-অবমাননা, কর্মসূচিতে বাধাদান ও জীবন নাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। এই ঘটনায় রোববার সকালে আটক শিবিরের নেতা মঞ্জুরুল হক রাহাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। শনিবার দুপুর থেকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বাগেরহাট জেলা জামায়াত ও জেলা বিএনপির সিনিয়র নেতাদের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় রাত আটটায় কলেজ কর্তৃপক্ষ মামলা করার সিদ্ধান্ত নেয়। বৈঠকে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামছুল হক, জেলা জামায়াত সেক্রেটারি রেজাউল করীম ও জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন। বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সোহরাব হোসেন জানান, শনিবার দুপুর থেকে রাত আটটা পর্যন্ত ছাত্র ও জেলা নেতাদরে সঙ্গে কলেজ কর্তৃপক্ষের সমঝোতা বৈঠক হয়। কিন্তু বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ওই রাতেই কলেজ শিক্ষকদের নিয়ে এক জরুরি সভায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র শিবিরের পিসি কলেজ শাখার সভাপতি হুমায়ুন কবীর ও সেক্রেটারি তাজমুল হোসেন জানান, তুচ্ছ ঘটনায় ছাত্রদের নামে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে মামলা করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ জেলা কমিটি পৃথক পৃথক বিবৃতিতে নিন্দা জানিয়েছে। বিবৃতিতে এ দুই সংগঠনের নেতারা ঘটনার জন্য দায়ী ছাত্র সংগঠনগুলোর সংশ্লিষ্ট নেতা-কর্মীদের বিচার দাবি করেন। বিবৃতিদাতারা হলেন, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জগন্নাথ দেবনাথ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক রেদোয়ানুল কবীর দ্বীপ। জেলা ছাত্রলীগ সভাপতি সরদার নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, মোল্ল্যা তারিকুজ্জামান, উজ্জ্বল মিত্র, অলোক চক্রবর্ত্তী, কৌশিক মোল্ল্যা, সরদার ইয়াছির আরাফাত নোমান, অরূপ সাহা প্রমুখ। ১৯১৮ সালে বিজ্ঞানী ও সমাজ সেবক আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে এ কলেজ প্রতিষ্ঠা করা হয়। পরে কলেজটি সরকারি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৬ ঘ.