২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাক কারখানায় ভাংচুর সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে রোববার আশুলিয়ায় একটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানা ও দোকান ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 01:31 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

সাভার, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতনের দাবিতে রোববার আশুলিয়ায় একটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানা ও দোকান ভাঙচুর করেছে। তারা জামগড়া বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় ২/৩টি বাসও ভাঙচুর করে শ্রমিকরা। এ ঘটনায় আশপাশের বেশ কিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়া থানার উপ পরিদর্শক শফিউল আলম জানান, জামগড়া এলাকার পলোনিয়া গার্মেন্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা সকাল ১১ টার দিকে বকেয়া বেতন নিতে এসে দেখেন কারখানায় তালা ঝুলছে। এ ঘটনায় সেখানে উপস্থিত প্রায় ২০০ শ্রমিক বিক্ষুদ্ধ হয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে। এক পর্যায়ে শ্রমিক বিক্ষোভ মিছিল শুরু করলে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় তারা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে মহাসড়কের দুই পাশের ১৫টি পোশাক কারখানা ও চারটি মার্কেটের দোকানের কাচ ভাংচুর করে। এছাড়া ২-৩ টি বাসের জানলার কাচ ভাংচুর করে তারা। উপ-পরিদর্শক শফিউল আলম জানান, খবর পেয়ে পুলিশ জামগড়া বাসস্ট্যান্ডে যায় এবং লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। অবরোধের কারণে সড়কের দুপাশে কয়েকশ' গাড়ি আটকা পড়ে। দুপুর ১২টার দিকে শিমুলতলী এলাকায় আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটায় কয়েকজন শ্রমিক সামান্য আহত হন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পর দুপুর পৌনে ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ভাংচুরের শিকার প্রতিষ্ঠানের মধ্যে আছে- পলোনিয়া গার্মেন্টস লিমিটেড, সেড ফ্যাশনস, স্টার লিংক ক্রিয়েশন, রাইভাস কেম্পাজিট, এনভয় ফ্যাশনস্, স্ক্যানডেক্স, সেতারা গ্র"প, নোড টেক্স, পোশাক নিট ওয়ার, ডিজাইনার জিন্স, ইউনিভার্স, ইসা ফ্যাশনস্, পলমল গ্র"প, ফাইভ ব্রাদার্স ও জিবিএস গার্মেন্টস, সমির প্লাজা শপিং কমপ্লেক্স, হেলিম প্লাজা, নীগার প্লাজা ও নুরজাহান ম্যানশন। সমির প্লাজার মালিক আবু শহীদ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মাকের্টের কয়েকটি দোকানের কাচ ভাংচুর করা হয়েছে। এতে তার ক্ষতি হয়েছে প্রায় তিন লাখ টাকা। ভাংচুরের ঘটনায় মামলা করবেন কিনা সে ব্যাপারে তিনি কিছু জানাননি। স্টার লিংক ক্রিয়েশনের কর্মকর্তা মোজাম্মেল হক জানান, তার কারখানায় ভাংচুর হয়েছে বেশি। এ অবস্থায় তাদের দুটো কারখানায় আজকের মত (রোববার) ছুটি ঘোষণা করা হয়েছে। পলোনিয়া গার্মেন্টস কারখানার শ্রমিক আব্দুর রহমান, রেজাউল করীম, ফরিদা জানান, গত ২ আগস্ট কর্তৃপক্ষ কিছু না জানিয়েই প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। আজ (১০ আগস্ট) সকালে বেতন দেওয়ার কথা ছিল। কিন্তুকর্তৃপক্ষ না এসে মুল ফটকে তালা ঝুলিয়ে দেয় এতে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। কারখানাটি মালিক আব্দুল কাদের ফোনে জানান, সন্ধ্যার মধ্যে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৩ ঘ.