ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সমাবেশে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিস্ফোরক দ্রব্য আইনের মামলার শুনানির তারিখ আবারও পিছিয়েছে।
৩১ আগস্ট শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
রোববার সকালে ঢাকা মহানগর সিনিয়র দায়রা জজ মো. আজিজুল হক এ তারিখ ধার্য করেন। মামলায় পলাতক আট আসামির মধ্যে চারজনের পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়ায় নতুন এ তারিখ দেওয়া হয়।
সকালে শুনানিতে এ মামলায় আটক সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৩ আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে আসামি আরিফ হাসান সুমন ও রফিকুল ইসলামের পক্ষে জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) এহসান উল হক সমাজি ওই জামিন আবেদনের বিরোধিতা করেন।
দুইপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে দেন।
রফিকুল ইসলামের পক্ষে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারেরও আবেদন করা হয়েছে এদিন। বিচারক এটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
অন্যান্য দিনের তুলনায় রোববার আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। সকাল থেকে আদালতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরজেড/এএল/এসকে/১৩১৬ঘ.
bdnews24