চট্টগ্রাম, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকার একটি আবাসিক ভবন থেকে শনিবার সকালে বেশ কিছু ভিওআইপি সরঞ্জাম এবং ১৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব।
তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
উদ্ধারকৃত ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জামের মধ্যে আছে- পাঁচটি কোয়ান্টাম, ৩৭ টি টেলুলার সেট, চারটি ব্যাটারি, ৩৭ টি চার্জার, ৪ টি মাল্টিপ্লাগ এবং এবং বস্তা তার।
র্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ছয়টার দিকে সানন্দা আবাসিক এলাকার ১২১৩/এ ভবনের চতুর্থ তলার মোহাম্মদ ইউসুফের (৩২) ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওই বাসায় তল্লাশি কালে ১৭৫ গ্রাম হেরোইনও উদ্ধার করা হয় বলে র্যাব কর্মকর্তা জানান।
তিনি জানান, অভিযানের আগেই ইউসুফ পালিয়ে যান। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার বিবির হাট ইউনিয়নে। তিনি ভিওআইপি ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে হেরোইনসহ অন্যান্য মাদক ব্যবসাও চালিয়ে আসছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য নগরীর বিভিন্ন স্থানে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24