সিলেট, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক) - সিলেট সিটি করপোরেশনের মেয়র কারাবন্দি বদর উদ্দিন আহমদ কামরানের মুক্তি দাবি করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শনিবার বিকেলে সিলেট নগরীর সারদা হলে আওয়ামী লীগের কর্মীসভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ দাবি জানান।
৪ আগস্ট অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আবারও বিজয়ী হন জেলা আওয়ামী লীগ নেতা কামরান।
সভায় সুরঞ্জিত বলেন, "সিলেটে কামরানের এই বিশাল বিজয় গণতন্ত্রের পথে উত্তরণের ইঙ্গিত দিয়েছে।"
তিনি বলেন, 'সিলেটের কামরান মানুষের প্রিয় ব্যক্তি। এ কারণে জনগণ কামরানের পক্ষে গণরায় দিয়েছে।"
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হকের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, সাবেক সাংসদ জেবুন্নেছা হক প্রমুখ।
মেয়র কামরানের বিজয়ে তার স্ত্রী আসমা কামরানের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান আবুল মাল আবদুল মুহিত ও নুরুল ইসলাম নাহিদ।
এছাড়া সভায় আওয়ামী সমর্থিত ১৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডের চারজন কাউন্সিলরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৮ ঘ.
bdnews24