ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারও সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
তিনি বলেন, "নব্বই দিনের জন্য ক্ষমতায় এসে এ সরকার আঠারো মাস ধরে ক্ষমতা আকড়ে রেখে সংবিধান লঙ্ঘন করে চলেছে।"
শুক্রবার বিকেলে বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে মুজাহিদ এ কথা বলেন।
১৯ মাসে এই সরকারের ব্যর্থতা ছাড়া কোনো সফলতা নেই বলে মন্তব্য করেন মুজাহিদ। তিনি অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার এবং চার দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
মুজাহিদ বলেন, "চারদলীয় জোট ক্ষমতা গ্রহণের সময়ে এ দেশের মানুষের গড়পড়তা বার্ষিক আয় ছিল ৩২৭ মার্কিন ডলার। তারা ক্ষমতা ত্যাগের সময়ে তা ৪২৩ ডলারে উন্নীত হয়েছিল।"
জোট সরকারের শাসনামলের জাতীয় প্রবৃদ্ধি শতকরা পৌনে সাত ভাগ থেকে কমে এ সরকারের আমলে পৌনে পাঁচ ভাগে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে এবং মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে এ সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে মুজাহিদ বলেন, "এখন বাজারে খাদ্য থাকলেও মানুষের কেনার ক্ষমতা নেই। বাংলাদেশের মানুষের জীবনে এখন নাভিশ্বাস উঠে গেছে।"
চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বর্তমান বাজার দর বৃদ্ধির কথা উল্লেখ করে মুজাহিদ বলেন, "শুধুমাত্র এই সরকারের সময়েই দেড় কোটি মানুষ নতুন করে বেকার হয়েছে।"
উন্নয়ন ও সফলতা প্রচারের নামে দেশব্যাপী রোড শো অনুষ্ঠানের জন্য ব্যয়িত কোটি কোটি টাকার উৎস দেশবাসীর সামনে প্রকাশ করার জন্য দাবি জানান তিনি।
সমাবেশে বাগেরহাট জেলার নয়টি উপজেলা এবং তিনটি পৌরসভা থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধিরা অংশ নেন।
বাগেরহাট জেলা আমির মাওলানা মশিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সাংসদ মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সাংসদ শাহ মোহম্মদ রুহুল কুদ্দুস, খুলনা মহানগর আমির ও সাবেক সাংসদ অধ্যাপক মাওলানা মিঞা গোলাম পরোয়ার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এটিএম মাসুম।
আমাদের পিরোজপুর প্রতিনিধি, জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে মুজাহিদ বলেন, "সংবিধানকে উপেক্ষা ও অবহেলা করার কারণে এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।"
তিনি বলেন, "এই সরকার সংবিধানকে উপেক্ষা আর অবহেলা করছে। সে কারণে জরুরি অবস্থা দীর্ঘ হওয়ায় সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।"
গত ১৮ মাসেও এ সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন মুজাহিদ।
সমাবেশে পিরোজপুরের ৫১টি ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।
জেলা জামায়াত আমির অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মাওলানা এটি এম মাছুম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24