২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মসজিদে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে একজন নিহত

সদর উপজেলার নিজড়া গ্রামের খান্দারপাড়া মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

গোপালগঞ্জ, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার নিজড়া গ্রামের খান্দারপাড়া মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। নিহতের নাম- রেজাউল খান্দার (৪৮)। সংঘর্ষে মারাত্মক আহত সাতজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবীর কুমার রায় ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুম্মার নামাজের পর নিজড়া গ্রামের খান্দারপাড়া জামে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে ওই মসজিদেই সিকদার ও খান্দারর পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। উভয় পক্ষের লোকজন ঢাল, শড়কি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সিকদার পক্ষের অস্ত্রের আঘাতে খান্দার পক্ষের রেজাউল খান্দার ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আরও প্রায় ৪০ জন আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০২ ঘ.