ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্যাট ও কর ফাঁকির অভিযোগে রাজধানীর স্বর্ণালঙ্কার বিক্রির প্রথমসারির প্রতিষ্ঠান ভেনাস জুয়েলার্সের ৫টি শোরুম ও মালিকের বাসায় একযোগে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), র্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযান চলার সময়ে র্যাব- ৩ এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খালিদ শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, "বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে অভিযান শুরু হয়েছে। মূলত এনবিআর'র কর্মকর্তারা এ অভিযান চালাচ্ছেন। র্যাব ও গোয়েন্দা সংস্থা এনএসআই'র কর্মকর্তারা তাদের সাহায্য করছেন।"
তিনি জানান, "ভেনাস জুয়েলার্সের ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি, গুলশানের নাভানা টাওয়ার ও বায়তুল মোকাররমের দু'টি শোরুম এবং মালিক গঙ্গাচরণ মালাকারের ওয়ারীর বাসায় অভিযান চালাচ্ছে এনবিআর, র্যাব ও এনএসআই'র ছয়টি দল।"
তবে গঙ্গাচরণ মালাকার ভারতে অবস্থান করছেন বলে তার পরিবারের সদস্য ও দোকান-কর্মচারীরা অভিযানে নিয়োজিত কর্মকর্তাদের জানিয়েছেন।
ইস্টার্ন প্লাজা থেকে এনবিআর এর দ্বিতীয় সচিব জাকির হোসেন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত শুধু ইস্টার্ন প্লাজার শোরুম থেকে গত তিন বছরে ২৭ লাখ টাকা ভ্যাট ফাঁকি দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।"
রাত ১০টার দিকে অভিযান শেষ হওয়ার পর র্যাব- ৩ এর পরিচালন কর্মকর্তা (অপারেশনস অফিসার) জাররার হোসেন খানও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "শুধু ইস্টার্ন প্লাজার শাখায় গত তিন বছরের লেনদেনের কাগজপত্র পরীক্ষা করে প্রাথমিকভাবে ২৭ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন হয়েছে। এর পরিমাণ আরো অনেক বাড়তে পারে। আয়কর কর্মকর্তারা আয়কর ফাঁকির পরিমাণ পরীক্ষা-নীরিক্ষা করে বের করবেন।"
জাররার হোসেন বলেন, "প্রতিমাসে সবগুলো শাখায় যে পরিমাণ বিক্রি হয়, ওই টাকার মাত্র এক তৃতীয়াংশের উপর (তিন ভাগের এক ভাগ) তারা ভ্যাট দিয়ে থাকে। অর্থাৎ তারা যে পরিমাণ টাকা ভ্যাট দিয়েছে তার দ্বিগুণ পরিমাণ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে।"
তিনি জানান, ইস্টার্ন প্লাজা শাখাটি ভেনাস জুয়েলার্সের পাঁচটি শাখার মধ্যে সবচেয়ে ছোট। গুলশান ও বসুন্ধরা সিটি শাখায় বছরপ্রতি এ শাখার চেয়ে বিক্রির পরিমাণ কয়েক গুণ বেশি। তাই স্বাভাবিকভাবেই ওই শাখাগুলোয় ভ্যাট ফাঁকির পরিমাণ আরো অনেক বেশি হবে। শাখাগুলো থেকে জব্দ করা কাগজপত্র এনবিআরের কেন্দ্রীয় গোয়ান্দা সেলের কর্মকর্তারা পরীক্ষা-নীরিক্ষা করে পরে মোট ভ্যাট ফাঁকির হিসাব প্রকাশ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/এমএইচবি/০০২৭ ঘ.
bdnews24