২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসে গ্যাস উদগিরণ আপনাআপনিই বন্ধ হবে: তামিম

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে গ্যাস উদগিরণ বন্ধ করার কোনো উপায় নেই, একসময় তা আপনাআপনিই বন্ধ হয়ে যাবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 05:22 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে গ্যাস উদগিরণ বন্ধ করার কোনো উপায় নেই, একসময় তা আপনাআপনিই বন্ধ হয়ে যাবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম এ কথা বলেছেন। মঙ্গলবার তিতাস গ্যাস ক্ষেত্রসংলগ্ন কয়েকটি গ্রাম ও লইস্কা বিলে গ্যাস উদগিরণের বিষয়টি দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, "গ্যাস উদগিরণ হতে হতে এক সময় আপনাআপনিই এটি বন্ধ হয়ে যাবে।" তামিম বলেন, "তিতাস গ্যাস ক্ষেত্রের উদগিরণ সমস্যা চিহ্নিত করতে পর্যায়ক্রমে সবগুলো কূপ লগিং এর মাধ্যমে পরীক্ষা করা হবে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ২ নম্বর এবং ৪ নম্বর কূপ পরীক্ষা করা হবে। এ কূপগুলো ১৯৬৮ সালে ৩ নম্বর কুপের সঙ্গে একই পদ্ধতিতে খনন করা হয়েছিল।" তিনি দাবি করেন, "নতুন করে কোনো গ্যাস লিকেজ বাড়েনি।" এভাবে গ্যাস বের হয়ে যাওয়ায় কী পরিমাণ অপচয় হয়েছে জানতে চাইলে তিনি বলেন, "তিন নম্বর কূপ থেকে গ্যাস লিকেজ হয়ে মাটির তলদেশে ছড়িয়ে উদগিরণ হচ্ছে। এ অবস্থায় কি পরিমাণ গ্যাস অপচয় হয়েছে তা নির্ধারণ করা কঠিন।" এই এলাকার সুহিলপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. খসরু মোল্লা জানান, এলাকার মানুষ মনে করেছিল ৩ নম্বর কূপ বন্ধ হলেই উদগিরণ বন্ধ হবে। অথচ কূপটি বন্ধ করার ৬ মাস পরেও না কমে বরং বেড়েছে। ফলে এলাকাবাসীর আতঙ্ক কমেনি। এ ব্যাপারে তিতাস গ্যাসক্ষেত্রের তদারকি প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর কবীর জানান, যে গ্যাসটা জমে আছে তা আস্তে আস্তে বেরিয়ে আসবে। হঠাৎ করে বের হবে না। তাই আতঙ্কিত হবার কোনো কারণ নেই। দেশের সবচেয়ে বড় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মাটি ফুঁড়ে গ্যাস বের হচ্ছে অনবরত। দীর্ঘদিন ধরে এভাবে গ্যাস বের হতে থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছে তিতাস নদীর দুপাড়ের আনন্দপুর, শ্যামপুর, বাকাইল, খলাপাড়াসহ আশপাশের এলাকায় প্রায় ১০ হাজার মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এমএইচবি/২৩১৭ ঘ.