২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি উপাচার্য অবরুদ্ধ,গাড়ি ভাংচুর করছে ছাত্রলীগ

উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি ক্যাম্পাসে মিছিল করছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ সময় তারা টিএসসি, উপাচার্যের বাসভবন ও আইইআর ভবনের সামনে শিক্ষকদের দুটিসহ তিনটি গাড়ি ভাংচুর করে এবং পুলিশ ভ্যানকে ধাওয়া করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 12:15 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি ক্যাম্পাসে মিছিল করছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ সময় তারা টিএসসি, উপাচার্যের বাসভবন ও আইইআর ভবনের সামনে শিক্ষকদের দুটিসহ তিনটি গাড়ি ভাংচুর করে এবং পুলিশ ভ্যানকে ধাওয়া করে। ক্যাম্পাসের ভেতরে এ মুহূর্তে কোনো পুলিশ নেই। তবে টিএসসি ও নীলক্ষেত মোড়ে দাঙ্গা-পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মুক্তির দাবিতে ছাত্র লীগের প্রায় এক থেকে দেড়শো নেতা-কর্মী উপাচার্যের কার্যালয় ঘেরাও করে উপাচার্যকে অবরুদ্ধ করে। এ সময় তারা কার্যালয়ের সামনে রাখা ফুলের টব ও ভবনের জানালার কাঁচ ভাংচুর করে। এর পর তারা কার্যালয় ঘেরাও করে এবং সামনে ও পেছনের গেটে তালা ঝুলিয়ে দেয়। উপাচার্য ও কর্মকর্তারা ভবনের ভেতরে আটকা পড়েছেন। জহুরুল হক হল শাখার ছাত্র লীগ কর্মী শামসুল কবীর রাহাত জানান, সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহ কারাগার থেকে রোটনকে মুক্তি দেওয়ার পর তাকে কারাগারের অতিথি কক্ষে বসিয়ে রাখা হয়। এর পর দুপুর আড়াইটার দিকে আবার সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর পেয়ে রোটনের মুক্তির দাবিতে তারা উপাচার্য কার্যালয় ঘেরাও করে। এর আগে রোববার রোটনোর মুক্তির দাবিতে প্রতিকী অনশন করে ছাত্র লীগ। ২০০৭ সালের ১৮ জানুয়ারী জরুরি অবস্থা ভঙ্গের অভিযোগে রোটনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/জিএনএ/১৮০৫ ঘ.