ঢাকা, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের লোকসভার সদস্য ও গান্ধী পরিবারের সদস্য রাহুল গান্ধী মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করেছেন।
সকাল সোয়া নয়টায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দিল্লীর উদ্দেশে রওয়ানা দিয়েছেন বলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর অভিবাসন বিভাগের কর্মকর্তা নাজির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিমানবন্দরে রাহুলকে বিদায় জানান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস ও ব্র্যাকের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন।
বাংলাদেশের দারিদ্র বিমোচন কর্মকাণ্ড সচক্ষে দেখতে গত ১ আগস্ট রাহুল গান্ধী পাঁচ দিনের ব্যক্তিগত সফরে ঢাকায় আসেন। সফরকালে তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ ব্যাংক ও ব্র্যাকের কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন। রাহুল তার এ সফরকে 'শিক্ষা সফর' হিসেবে অভিহিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এসকে
bdnews24