ঢাকা, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও হুইপ সৈয়দ আশরাফ হোসেন হাইকোর্টের জামিনে সোমবার রাত ৯টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে ফটকের বাইরে পা দেওয়ার পর ফের গ্রেপ্তার হয়েছেন।
যুব দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন,'' আশরাফ ভাই মুক্তি পাওয়ার পর সাদা পোশাকধারী পুলিশ ফটকের সামনে থেকে একটি মাইক্রোবাসে তাকে নিয়ে যায়। ওই পুলিশ সদস্যরা তাকে বলেন, স্যার আমাদের গাড়িতে উঠুন, কথা আছে।''
তবে কেন্দ্রীয় কারাগারের জেলার ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' হাইকোর্টের জামিনের আদেশে সাবেক হুইপ আশরাফ হোসেনকে রাত ৯টায় মুক্তি দেওয়া হয়েছে। তিনি কারাগারের বাইরে যাওয়ার পর কী হয়েছে সে বিষয়ে আমি কিছু জানি না।"
গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আশরাফকে ছয় মাসের জন্য জামিন দেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা গাড়িসংক্রান্ত একটি দুর্নীতির মামলা রয়েছে। ওই মামলায় তিনি গ্রেপ্তার হন গত বছরের ২২ নভেম্বর।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত বছর গ্রেপ্তার হওয়া সময় আবদুল মান্নান ভুঁইয়া ও আশরাফ হোসেনকে দল থেকে বহিস্কার করেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এমএইচবি/২১৩৯ ঘ.
bdnews24