বরিশাল, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটগ্রহণে দেরি হওয়ায় ক্ষুব্ধ বরিশালের একটি কেন্দ্রের নারী ভোটারদের সঙ্গে র্যাবের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের মৎস্য শ্রমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার দুপুরের পর এ ঘটনা ঘটে।
র্যাবের লাঠির আঘাতে কুলসুম (৩৫), মমতাজ (৪৯), জুলেখা (৩০), সখিনাসহ (৫০) বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকেও ভোট দিতে না পেরে ওই কেন্দ্রের ভোটাররা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে হট্টোগোল শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব সদস্যরা তাদের লাঠিপেটা করলে নারী ভোটাররা পাল্টা তাদের ওপর চড়াও হন। কিছু সময় দু'পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে নারী ভোটাররা ভোট না দিয়েই কেন্দ্র ছেড়ে চলে যান।
এ ঘটনার পর উপ পুলিশ কমিশনার কাজী মোরতাজ আহমেদ ঘটনাস্থলে যান। তবে সাংবাদিকদের কাছে তিনি কোনো মন্তব্য করেননি।
সহকারী পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই ঘটনার পর ভোট কেন্দ্রের বাইরে চলে যাওয়া নারীরা বিকেল ৪টার আগে ফিরে না আসায় তারা আর ভোট দিতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৫৪ ঘ.
bdnews24