২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুৎফুজ্জামান বাবরের 'অবাধ্য' পুলিশ কর্মকর্তা দায়মুক্ত হলেন

সাবেক জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 'কথা না শোনার' শাস্তি হিসেবে দায়ের হওয়া মামলা থেকে রোববার অব্যাহতি পেয়েছেন সে সময়ের পুলিশ সুপার আবদুল বাতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 'কথা না শোনার' শাস্তি হিসেবে দায়ের হওয়া মামলা থেকে রোববার অব্যাহতি পেয়েছেন সে সময়ের পুলিশ সুপার আবদুল বাতেন। ঘটনার চার বছর পর মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক আব্দুর রহিম অভিযোগের কোনো প্রমাণ মেলেনি মন্তব্য করে অব্যাহতিপত্র আদালতে জমা দিয়েছেন। টঙ্গীর আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার তত্ত্বাবধায়ক কর্মকর্তা ছিলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল বাতেন। ২০০৪ সালের ৭ মে ওই হত্যাকাণ্ডের তদন্ত শুরুর কিছুদিন পরই তাকে বদলি করা হয় খাগড়াছড়িতে। এ বদলি ঠেকাতে আবদুল বাতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তিন লাখ ঘুষ সাধেন বলে অভিযোগ করেন তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রতিমন্ত্রীর টেলিফোনে সঙ্গে সঙ্গে সচিবালয়ে ছুটে যায় রমনা থানা পুলিশ, গ্রেপ্তার হন আবদুল বাতেন। বাবরের একান্ত সচিব কামরুজ্জামান চৌধুরীর করা মামলায় তাকে পাঠানো হয় কারাগারে। দুই মাস আটক থাকার পর জামিনে ছাড়া পান তিনি। এরই মধ্যে চাকরি থেকে অপসারণ করা হয় তাকে। আবদুল বাতেনের বিরুদ্ধে লুৎফুজ্জামান বাবরের অভিযোগকে 'সাজানো নাটক' বলছেন তদন্ত কর্মকর্তা আব্দুর রহিম। রোববার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবর সাহেব এসপি বাতেনের ওপর ক্ষুব্ধ ছিলেন। আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার তদন্তে বিএনপি নেতাকর্মীদের নাম এসেছিল। তাদের বাদ দিতে এসপি বাতেনকে চাপ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু এসপি কথামতো কাজ না করায় তিনি ক্ষুব্ধ হন। ঘুষের নাটক সাজিয়ে বাতেনকে জেলে পাঠানো হয়।" ঘুষের মামলায় যাদের সাক্ষী করা হয় তাদের কেউই নিজের চোখে ঘুষ দিতে দেখেননি বলে জানান তদন্ত কর্মকর্তা। আব্দুর রহিম বলেন, "মামলায় কোনো সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় শেষ পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।" এসপি বাতেনের বিরুদ্ধে ২০০৪ সালের ৩ জুন মামলা দায়েরের পর রমনা থানা ও গোয়েন্দা পুলিশ দীর্ঘদির এর তদন্ত করে। বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ দিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় দুর্নীতি দমন কমিশনকে। এরপর বেশকিছুদিন মামলাটি ফাইলবন্দি থাকলেও ২০০৭ সালের ১১ জানুয়ারির পট পরিবর্তনের নতুন করে তদন্ত শুরু করে কমিশন। রোববার আদালতে অব্যাহতিপত্র দাখিলের পর সাবেক এসপি আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সত্যের জয় হয়েছে। এ সরকার সুষ্ঠু তদন্ত করে সত্য বের করে আনায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। জীবনের চারটা বছর কষ্টে কেটেছে, বিনা অপরাধে আমাকে জেল খাটতে হয়েছে।" ওই সময়কার ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, "২০০৪ সালের মে মাসের শেষদিকে সিআইডি থেকে আমাকে বদলি করা হয় খাগড়াছড়িতে। এরপর ৩ জুন দুপুরে টেলিফোনে ডেকে নেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রতিমন্ত্রী বাবরের কক্ষে প্রবেশের পর তিনি চিৎকার করে বলেন, 'খাগড়াছড়িতে বদলির আদেশ বাতিল করতে বাতেন আমাকে তিন লাখ টাকা ঘুষ দিতে এসেছে।' এরপর লাল টেলিফোনে বিষয়টি তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। কিছু বুঝে ওঠার আগেই রমনা থানা পুলিশ এসে গ্রেপ্তার করে আমাকে।" তিনি জানান, ২০০৬ সালে তার অবসরে যাওয়ার কথা ছিল। এখন সরকার প্রাপ্য বুঝিয়ে দিলেই স্বস্তি পাবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এমএইচবি/২১৫৮ ঘ.