বাগেরহাট, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের পশ্চিম বিভাগের ঝালিয়া ফরেস্ট স্টেশনের কাছে শনিবার রাতে এক দল বনদস্যুর সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের দুই ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে হয়েছে।
কোস্টগার্ড দাবি করেছে, বন্দুকযুদ্ধে দস্যুদলের প্রধান মোতালেবসহ কমপক্ষে তিন বনদস্যু গুলিবিদ্ধ হয়ে সুন্দরবনের গহীনে পালিয়ে গেছে। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি ও বেশ কিছু মালামালসহ শহীদ (৩৫) নামে এক ডাকাত আটক করা হয়।
রোববার সকালে বনদস্যু শহীদকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সোপর্দ করা হয়েছে খুলনার কয়রা থানায়। এ ঘটনায় কয়রা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে- একটি বিদেশি দোনালা বন্দুক, ২১টি বন্দুকের তাজা গুলি, ২২৩টি টু টু বোর রাইফেলের গুলি, ৬টি ব্যাগ, নগদ ২৪ হাজার ৭৫৯ টাকা, একটি মোবাইল ফোন সেট, বিপুল পরিমাণ সিগারেট ও একটি নৌকা।
কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার রবিউল ইসলাম রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুন্দরবন পশ্চিম বিভাগের ঝালিয়া ফরেষ্ট ষ্টেশন এলাকায় কুখ্যাত বনদস্যু বাহিনী প্রধান মোতালেব তার ৭/৮ জন সঙ্গী নিয়ে অবস্থান করছে- গোপনে এ সংবাদ পেয়ে কোস্টগার্ড কয়রা থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায়।
তিনি জানান, বনদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। কোষ্টগার্ডও পাল্টা গুলি চালায়। প্রায় দুই ঘন্টাব্যাপী এই বন্দুকযুদ্ধে উভয়পক্ষে দুই শতাধিক রাউণ্ড গোলাগুলি হয়। এ সময় বাহিনী প্রধান মোতালেব এবং অন্তত তার দুই সহযোগী গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে তারা পিছু হটলে দলছুট শহীদকে আগ্নেয়াস্ত্র, গুলি ও এসব মালামালসহ আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৩ ঘ.
bdnews24