২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশনের সুবিধাপ্রাপ্তরা পাঁচ বছর নির্বাচন করতে পারবেন না

তথ্য ও জবাবদিহিতা কমিশনের (ট্রুথ কমিশন) সুবিধা গ্রহণকারীরা পাঁচ বছর জাতীয় সংসদসহ কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। একইসঙ্গে কোনো রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠনসহ অন্য কোনো সংগঠনের কোনো পদে থাকতে পারবেন না তারা। (আরও তথ্যসহ) >>সত্য ও জবাবদিহিতা কমিশনের (ট্রুথ কমিশন) গণবিজ্ঞপ্তি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 12:07 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তথ্য ও জবাবদিহিতা কমিশনের (ট্রুথ কমিশন) সুবিধা গ্রহণকারীরা পাঁচ বছর জাতীয় সংসদসহ কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। একইসঙ্গে কোনো রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠনসহ অন্য কোনো সংগঠনের কোনো পদে থাকতে পারবেন না তারা। রোববার বিকেলে হেয়ার রোডে ট্রুথ কমিশন কার্যালয়ে কমিশনের যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান এ কথা বলেন। এ সময় কমিশনের দুই সদস্য সাবেক মহা হিসাব নিরীক্ষক আসিফ আলী এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুর রশীদ খানও উপস্থিত ছিলেন। হাবিবুর রহমান খান জানান, যারা ট্রুথ কমিশনের সুবিধা নিতে চান তারা আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশের আবেদন করতে পারবেন। কারা এই কমিশনের সুবিধা পাবেন জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান বলেন, "জাতীয় সমন্বয় কমিটি বা দুর্নীতি দমন কমিশনে অভিযুক্ত যেসব দুর্নীতিবাজের বিরুদ্ধে এখনো দুর্নীতি মামলার অভিযোগপত্র গঠন বা বিচার কার্যক্রম শুরু হয়নি তারা এর সুবিধা পাবেন। যাদের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে রায় হয়েছে তারা এ সুবিধা পাবেন না।" তিনি আরো জানান, সরকার ঘোষিত 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮'-এর আওতায় যে কেউ সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে কমিশনের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। দুর্নীতি বা অবৈধ উপায়ে অর্জিন আয় বা সম্পদ সরকারি কোষাগারে জমা দিয়ে ভালো হয়ে যাওয়ার জন্য কমিশনের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। তথ্য যাচাই-বাছাই করে সত্য ও গ্রহণযোগ্য বলে বিবেচিত হলে আবেদন গ্রহণ করবে কমিশন। আর ভুল তথ্য দিলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। কমিশনের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করা হবে বলে তিনি জানান। কিছু লোককে ছাড় দেয়ার জন্য এ কমিশন করা হয়েছে কিনা-এ প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন, "পার্টিকুলার (নির্দিষ্ট) কাউকে ছাড় বা রক্ষার জন্য এ কমিশন কাজ করবে না।" যেসব দুর্নীতিবাজ স্বপ্রণোদিত হয়ে কমিশনের সুবিধা নেবেন তাদের নাম প্রকাশ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "যদি নাম প্রকাশ করা হয় তাহলে তারা এ সুযোগ গ্রহণে উৎসাহিত হবেন না। এরপরও আমরা তাদের নাম প্রকাশ করার জন্য সরকারের কাছে সুপারিশ করবো। নাম প্রকাশ করা হবে কিনা তা সরকারই সিদ্ধান্ত নেবে।" ট্রুথ কমিশন দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কতটা সাফল্য অর্জন করতে পারবে- এ ব্যাপারে তার ধারণা জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান বলেন, "আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। আশা করছি এ ব্যাপারে ইতিবাচক ফল পাওয়া যাবে।" এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "আমি সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ডসহ আরো কয়েকটি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। সবক্ষেত্রেই সফলতা দেখাতে পেরেছি। আশা করছি ট্রুথ কমিশনের ব্যাপারেও সফলতা অর্জন করবো।" বিচারপতি হাবিবুর রহমান জানান, জার্মানি, দক্ষিণ আফ্রিকাসহ পৃথিবীর ২০/২২টি দেশে ট্রুথ কমিশন ছিল। আমাদের দেশে দক্ষিণ আফ্রিকার ট্রুথ কমিশনের আদলে কমিশন গঠন করা হয়েছে। বলা যায়, আমাদের কমিশন দক্ষিণ আফ্রিকা থেকে ধার করা কমিশন। দেশের কল্যাণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে। তিনি বলেন, "দেশে দুর্নীতির ব্যাপকতা এতো বেড়েছিল যে, দেশের বেশির ভাগ অঞ্চলে কারাগার তৈরি করতে হতো। দুর্নীতির ফলে দেশে ধনী দরিদ্রের মধ্যে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছিল। এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসেবে স্বাধীন দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন পুর্নগঠন এবং ট্রুথ কমিশন গঠন করেছে সরকার।" বিচারপতি হাবিবুর রহমান বলেন, "কমিশনের সাফল্য নির্ভর করছে সবার সহযোগিতার ওপর। কমিশন একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে কাজ করবে। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে, সমাজ থেকে দুর্নীতি বিদায়ࠠকরতে একটি কার্যকর ভূমিকা রাখা।" সপ্তাহে একদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশনের কার্যক্রম দেশবাসীর সামনে তুলে ধরা হবে বলে তিনি জানান। কমিশনের উদ্দেশ্য, কার্যপরিধি, কারা কমিশনের সুবিধা নিতে পারবে- এসব তথ্যসহ বিভিন্ন বিষয়ে কমিশনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসকে/১৯৪৭ঘ.