ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন উপদেষ্টারা।
রোববার দুই উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "নির্বাচনের প্রস্তুতির সব দিক দেখে আমরা সন্তুষ্ট। এখন সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার দায়িত্ব ভোটারদের।"
সিলেট, খুলনা, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায় সোমবার নির্বাচন হবে। শনিবার রাত ১২টায় প্রার্থীদের প্রচারের সময় শেষ হয়েছে। এখন অপেক্ষা ভোটের।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই যে কোনও পর্যায়ে প্রথম নির্বাচন। দেশে জরুরি অবস্থা বহাল থাকলেও নির্বাচনী এলাকাগুলোতে তা শিথিল করা হয়েছে।
নির্বাচনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বলেন, "আমরা জরুরি অবস্থা শিথিল করে যেভাবে নির্বাচন করতে চেয়েছি, সেভাবেই নির্বাচন হচ্ছে। প্রস্তুতির সব দিক দেখে আমরা সন্তুষ্ট।"
দুর্নীতির বিরুদ্ধে সরকারের ঘোষিত দৃঢ় অবস্থানের মধ্যেও দুর্নীতিতে অভিযুক্ত অনেকের প্রার্থী হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে গোলাম কাদের বলেন, "সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচনে আনার বিষয়ে সরকার চেষ্টা করেছে, নির্বাচন কমিশন বিধি-নিষেধ আরোপ করেছে; বাকি সবকিছু ভোটারদের ওপরই নির্ভর করছে।"
তিনি বলেন, "ভোটাররা যাদের ভোট দেবেন, তারাই নির্বাচিত হবে। আমরা আশা করবো, ভোটাররা তাদের দায়িত্ব পালন করবেন।"
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেন, "আমরা আশা করি, সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে ভোটাররা চিন্তা-ভাবনা করেই ভোট দেবেন।"
জরুরি অবস্থায় নির্বাচন করতে কোনও সমস্যা হচ্ছে কিনা- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এখন পর্যন্ত কোনও প্রার্থীর কাছ থেকে এ ধরনের অভিযোগ পাইনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচডি-ইএইচবি/এমআই/এসকে/
bdnews24