২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনারেল মুস্তাফিজুরের দাফন সম্পন্ন

সাবেক সেনাপ্রধান মুস্তাফিজুর রহমানকে রোববার বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। জোহরের নামাজের পর মহাখালীর ডিওএইচএস জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ ডিওএইচএস-এর বাসায় রাখা হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 04:44 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনাপ্রধান মুস্তাফিজুর রহমানকে রোববার বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। জোহরের নামাজের পর মহাখালীর ডিওএইচএস জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ ডিওএইচএস-এর বাসায় রাখা হয়। বিকালে সামরিক বাহিনীর একটি গাড়িতে করে মরদেহ কবরস্থানের সামনে নেওয়া হলে তা গ্রহণ করেন সেনাপ্রধান মইন উ আহমদসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। এরপর সামরিক ঐতিহ্য অনুসারে ধীরে ধীরে মরদেহ কবরস্থানের ভেতরে নেওয়া হয়। বিকাল সোয়া ৫টার দিকে তার দাফন সম্পন্ন হয়। দাফন শেষে তিনপর্বে ফাঁকা গুলি ও বিউগলে করুণ সুর বাজিয়ে সাবেক সেনাপ্রধানকে চিরবিদায় জানানো হয়। এরপর সেনাপ্রধান এবং সেক্টর কমান্ডার্স ফোরাম, আওয়ামী লীগসহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাবেক সেনাপ্রধানের কফিন প্রথম থেকেই জাতীয় পতাকায় আবৃত ছিল। ক্যান্সারে আক্রান্ত জেনারেল মুস্তাফিজুর রহমান রোববার ভোরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৬৭। জেনারেল মুস্তাফিজুরের মেয়ে ডা. শাহনাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৫টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তার বাবা মারা যান। তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সার ও হৃদরোগে ভুগছিলেন। মহাখালীর ডিওএইচএস জামে মসজিদে জানাজায় অংশ নেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, এলডিপি নেতা অলি আহমদ, বিএনপি নেতা আসম হান্নান শাহ, আওয়ামী লীগ নেতা ফারুক খান, সাবেক সেনাপ্রধান শফিউল্লাহ, মুক্তিযোদ্ধা মো. ওমর আলী এবং সামরিক-বেসামরিক ব্যক্তিবর্গসহ রাজনীতিবিদ ও বিভিন্ন পেশার মানুষ। এখান থেকে মোস্তাফিজুরের লাশ তার বাসায় নিয়ে যাওয়া হয়। এসময় তার বাসায় শোক জানাতে আসা মানুষের ভিড় লেগেছিল। আওয়ামী লীগ নেত্রী সাজেদা চৌধুরী, সাহারা খাতুনসহ অনেকে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছিলেন। এর আগে বেলা ১১টার দিকে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজায় তিন বাহিনীর প্রধানসহ কর্মকর্তারা অংশ নেন। জেনারেল মুস্তাফিজুরের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বার্তায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জেনারেল মুস্তাফিজ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফুপা। আওয়ামী লীগ সরকারের আমলে তাকে সেনাবাহিনী প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়। ২০০০ সালের ডিসেম্বরে অবসর নেওয়ার দিন তাকে লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল হিসাবে পদোন্নতি দেওয়া হয়, যা বিতর্কের সৃষ্টি করেছিল। জেনারেল মুস্তাফিজ আলোচিত মিগ-২৯ যুুদ্ধবিমান ক্রয় মামলার অন্যতম আসামি ছিলেন। তিনি এ মামলায় জামিনে ছিলেন। অসুস্থতার জন্য মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তাকে। মামলার হাজিরা থেকে অব্যাহতি পাওয়ার পর চিকিৎসার জন্য তিনি ভারত গিয়েছিলেন। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর শেখ হাসিনাসহ সাত জনকে আসামি করে তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর এর শুনানি শুরু হয়। এই মামলায় জেনারেল মুস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএইচ/এফএফ/এএইচডি/এমআই/এসকে/এমএইচবি/১৫০৫ঘ.