চাঁদপুর, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেঘনা নদীর মোহনায় প্রচন্ড ঘূর্ণি স্রোতের মধ্যে পড়ে শুক্রবার রাতে বড়স্টেশন মোলহেড এলাকায় একটি স্টিমার বিকল হয়ে গেছে। স্টিমারের পাখা মেরামতের সময় দুই কর্মচারি নদী পড়ে নিখোঁজ হয়। শনিবার একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
পিএস মাসুদ নামের এ স্টিমারটি ঢাকা থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জে যাচ্ছিল। শনিবার ভোরে আটকা পড়া চারশ' যাত্রীকে অপর একটি স্টিমারে গন্তব্যে পাঠানো হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চাঁদপুর স্টিমার ঘাটের ম্যানেজার সৈয়দ মোস্তফা হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টিমার মাসুদ উদ্ধারে ঢাকা থেকে একটি জাহাজা এসেছে। জাহাজটি দুপুর ১২টার দিকে চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকায় গেছে। তবে একটি জাহাজ দিয়ে উদ্ধার করা যাবে কিনা এ নিয়ে তাদের সংশয় আছে। সে কারণে বরিশাল থেকে আরেকটি উদ্ধারকারী জাহাজ আনা হচ্ছে বলেও তিনি জানান।
তিনি জানান, নিখোঁজ হুইলম্যান আমির হোসেনের এখনও উদ্ধার করা যায়নি। উদ্ধার কাজ চলছে।
মোস্তফা হালিম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্টিমার পিএস মাসুদ ঢাকা সদরঘাট থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। সদর থেকে ছেড়ে আসার কিছুক্ষণের মধ্যে পোস্তগোলার কাছাকাছি এর হুইলের পাখা বিকল হয়। প্রায় দেড় ঘন্টা ধরে মেরামতের পর এটি আবার যাত্রা শুরু করে।
রাত পৌনে ১২টার দিকে স্টিমারটি চাঁদপুর ঘাটের বড়স্টেশন মোলহেড এলাকায় পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় প্রচণ্ড ঘূর্ণাবর্তে পড়ে বিকল হয়ে যায়। স্রোতের টানে মুহূর্তের মধ্যে বড়স্টেশন মোলহেড থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে হরিনা ফেরিঘাট এলাকায় চলে যায়।
সেখানে হুইলের পাখা মেরামত করতে হুইল বক্সের ভেতর ঢোকেন আট জন কর্মচারি। এ সময় অনবরত ঘুরতে থাকা পাখার আঘাতে হুইলম্যান আমির হোসেন ও গ্রিজার আবদুর রশিদ নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন। অন্য ছয় কর্মচারি সামান্য আহত হন।
মোস্তফা হালিম জানান, শনিবার ভোর পৌনে ৫টার দিকে খুলনা থেকে ঢাকাগামী স্টিমার পিএস টার্ন দুর্ঘটনা কবলিত স্টিমারটির চারশ' যাত্রীকে উদ্ধার করে চাঁদপুর ঘাটে নিয়ে আসে। ভোরে ঢাকা থেকে শেলা নামের আরেকটি স্টিমার এসে যাত্রীদের নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়।
স্টিমার মাসুদের নিখোঁজ কর্মচারিদের সন্ধানে রাতেই অভিযান শুরু করে কোস্টগার্ড সদস্যরা। শনিবার সকাল ৬টার দিকে গ্রিজার আবদুর রশিদকে জীবিত অবস্থায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চাঁদপুর স্টিমার ঘাটের সহকারী ম্যানেজার জহিরউদ্দিন আহমেদ জানান, বেলা সাড়ে ১১টায় ঢাকা মাওয়া ঘাট থেকে উদ্ধারকারী স্টিমার চাঁদপুর এসে পৌঁছেছে। তবে স্টিমারটিকে উদ্ধার করার জন্য পূর্ণ জোয়ারের অপেক্ষা করা হচ্ছে।
একই স্থানে ১৯৯৪ সালের ২০ আগস্ট এম ভি দিনার এবং ২০০৪ সালে এম ভি নাসরিন নামের দুটো লঞ্চ দুর্ঘটনায় কয়েকশ' যাত্রী মারা যান। এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় গত কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে চাঁদপুর লঞ্চঘাটের পরিবর্তে মাদ্রাসা রোডের বিকল্প লঞ্চঘাট ব্যবহর করা হয়। কিন্তু স্টিমার ঘাট স্থানান্তরের কোনো ব্যবস্থা নেই। ফলে স্টিমারগুলোকে প্রতিনিয়ত প্রচন্ড ঝুঁকি নিয়ে বড়স্টেশন মোলহেড এলাকা অতিক্রম করতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০২৯ ঘ.
bdnews24