আল-ইমরান শোভন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
চাঁদপুর, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "এই জীবনেও কি নদী ভাঙন বন্ধের কোন ব্যবস্থা দেখতে পারমু না? হুনছি বিদেশে অনেক কাডাল (খরস্রোতা) নদীর ভাঙনও বন্ধ অইছে। তয় আমগো দেশের নদী ভাঙন বন্ধ অয় না কেন? প্রত্যেক বছর বাইশ্শা (বর্ষা) মৌসুমে অল্প অল্প কাজ কইরা কোনো লাভ নাই। একবারে পাকাপোক্তভাবে ভাঙন বন্ধের কাজ করন দরকার।" চাঁদপুরের হামইমচর উপজেলায় মেঘনা নদীর ভাঙনে প্রায় নিঃস্ব বৃদ্ধ মমতাজউদ্দিন সর্দার এ আর্তি জানালেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আল-ইমরান শোভনকে।
মেঘনার ভাঙনে এর আগে চারবার বিলীন হয়েছে মমতাজের বসতভিটা ও জমিজমা। এ বছর পঞ্চমবারের মত ভাঙনের আশঙ্কায় দিন পার করছেন নদীর আধাকিলোমিটার দূরের বসত ভিটায় থেকে।
এক সময় মমতাজের বাড়ি ছিল হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের চরশোলাদী এলাকায়। ছিলেন স্বয়ংসম্পূর্ণ গৃহস্থ। ছিল গোলাভরা ধান, গোয়ালভরা গরু, পুকুরভরা মাছ আর ফসলভরা ক্ষেত। প্রায় পঁচিশ বছর আগে সেই বাড়ি মেঘনায় বিলীন হয়ে যায়। সাজানো একটি সংসার নিমিষেই তলিয়ে যায় মেঘনার বুকে। এরপর বাড়ি করেন চরভৈরবী ইউনিয়নের তাজখারকান্দি এলাকায়। দশ বছরের ব্যবধানে সেই বাড়িও ভেঙে যায়। তৃতীয়বার বাড়ি করেন মোল্লাকান্দি এলাকায়। এবার মাত্র সাত বছরের ব্যবধানে সেই বাড়িও কেড়ে নেয় মেঘনা। তারপর বাড়ি করেন চরভৈরবী বাজার সংলগ্ন এলাকায়। সে বাড়িটিও গত তিন বছর আগে নদীগর্ভে গেছে।
এখনও সেই চরভৈরবী এলাকাতেই আছেন অন্য স্থানে বাড়ি করে। এ বাড়িটিও যে কোনো সময় নদীতে তলিয়ে যেতে পারে। এ আশঙ্কায় রাতে ঠিকমতো ঘুমোতে পারেন না মমতাজউদ্দিন। তার তিন ছেলে কালাম, খালেক ও সিরাজ নদীতে মাছ ধরে সংসার চালান। দুই মেয়ের বিয়ে হয়েছে। ছেলে-বউ আর নাতি-নাতনি নিয়ে মহাদুশ্চিন্তায় কাটে তার প্রতিটি দিন। এবার বাড়ি ভাঙলে নতুন করে করার কোনো উপায় নেই।
মমতাজউদ্দিনের মতো ভাগ্যবিড়ম্বিত বহু লোক পাওয়া যাবে হাইমচরে।
গত তিন সপ্তাহে হাইমচর উপজেলায় মেঘনার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ৬টি ইউনিয়নের শত শত একর জমি ও ঘর-বাড়ি বিলীন হয়ে গেছে। ব্যাপক এলাকা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের হুমকির মুখে রয়েছে।
মেঘনা প্রায় সারা বছর ধরেই ভেঙে চলে হাইমচরের অরক্ষিত নদী তীর। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিশাল জলরাশি চাঁদপুরের মেঘনা হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হচ্ছে। এই বাড়তি পানি প্রবাহের চাপে মেঘনার দু'কূল ভাঙছে। হাইমচর অংশটি কিছুটা বাঁকা হওয়ায় সেখানকার নদী তীরে পানির চাপ একটু বেশিই থাকে। মূলত এ কারণেই হাইমচরে নদী ভাঙনের মাত্রা বেশি। প্রতিবছর বর্ষায় ভাঙনের তীব্রতা আরও বেড়ে যায়।
হাইমচরঘাট হিসেবে পরিচিত হাইমচর বাজারটি ইতোমধ্যে মেঘনা গর্ভে বিলীন হয়ে গেছে। আলগী-চরভৈরবী সড়কটির বিভিন্ন অংশ নদীতে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকার তেলিরমোড় নামের স্থানটি যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যাবে। এর ফলে উপজেলা সদরের সঙ্গে বহু এলাকার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে জানান, ১৯৭৮ সালে চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর ও রামগঞ্জ উপজেলার ৫৭ হাজার হেক্টর এলাকা নিয়ে ৫৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে চাঁদপুর সেচ প্রকল্প স্থাপিত হয়। এর আওতায় একশ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় প্রতি বছর প্রায় ৭৫০ কোটি টাকার বাড়তি ফসল উৎপাদিত হয়। ইতোমধ্যে চাঁদপুর সেচ প্রকল্প বেড়ি বাঁধে ১১ বার আঘাত হেনেছে মেঘনা। এ বাঁধের সাড়ে ৬ কিলোমিটার অংশ এখন ভাঙনের কবলে পড়েছে।
তিনি বলেন, "ভাঙনের হাত থেকে বাঁধের সাড়ে ৬ কিলোমিটার এলাকা রক্ষায় করতে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে নতুন একটি প্রকল্প গ্রহণ করেছে। কিন্তু এখনও ওই প্রকল্প অনুমোদন কিংবা এর জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।"
প্রকৌশলী জীবন কৃষ্ণ আরও বলেন, "ভাঙন পরিস্থিতি সম্পর্কে প্রতিদিন নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। আমরা চেষ্টা করছি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে অধিকতর ঝুঁকিপূর্ণ এলাকায় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে।"
হাইমচর কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে জানান, মেঘনার ভাঙনে গত কয়েক সপ্তাহে কয়েক শ' একর ফসলী জমি, গাছপালা ও পানের বরজ নদীতে বিলীন হয়ে গেছে। চাঁদপুর সেচ প্রকল্পের বিপুল পরিমাণ জমি এখন ঝুঁকির মুখে। যে কোনো সময় নদীতে তলিয়ে যেতে পারে প্রকল্পের কয়েকটি বিকল্প বেড়ি বাঁধ।
তিনি জানান, হাইমচরের প্রায় দশ কিলোমিটার দীর্ঘ নদী তীর দীর্ঘদিন ছিল সম্পূর্ণ অরক্ষিত। তাই নদী ভাঙন হাইমচরবাসীর নিত্যসঙ্গী। তবে এবার চরভৈরবীতে তিন কিলোমিটার এলাকায় বালিভর্তি জিইও টেক্সটাইল ব্যাগ ফেলে সেখানকার ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশি ভাঙন কবলিত চরভৈরবী এলাকা এখনও সুরক্ষিত রয়েছে। কিন্তু নীলকমল, কাটাখালি ও আলগী এলাকার সাড়ে ছয় কিলোমিটার নদী তীর এখনও অরক্ষিত।
মনোয়ার জানান, এ পর্যন্ত অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান মেঘনায় বিলীন হয়েছে। এখন ভাঙনের ঝুঁকিতে রয়েছে হাইমচরের একমাত্র কলেজ হাইমচর মহাবিদ্যালয় এবং আরও অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠান।
হাইমচর নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে জানান, সেচ প্রকল্পের আওতাধীন হাইমচরের ছয়টি ইউনিয়নের মধ্যে চারটির ব্যাপক এলাকা ইতোমধ্যে বিলীন হয়ে গেছে মেঘনায়। বাকিগুলোও বিলীন হওয়ার পথে। হাজার হাজার মানুষ সর্বস্বান্ত হয়েছে। হাইমচর রক্ষায় তিনি সরকারের সহায়তা চেয়েছেন।
তিনি বলেন, "ভাঙন প্রতিরোধে বর্ষা মৌসুমে জরুরি ভিত্তিতে নদীতে ব্লক ও বালিভর্তি বস্তা নিক্ষেপ করা দরকার। তাছাড়া শুষ্ক মৌসুমে দীর্ঘমেয়াদী স্থায়ী প্রকল্প গ্রহণ করাও দরকার। এ ধরনের একাধিক প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হলেও অর্থের অভাব দেখিয়ে সেগুলো কার্যকর করা হচ্ছে না।"
হাইমচরের গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান মিয়া বলেন, "দেশের খাদ্য ঘাটতি মেটাতে এই সেচ প্রকল্প অগ্রণী ভূমিকা রাখলেও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাত্র সাড়ে ছয় কিলোমিটার এলাকার নদীর তীর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে পুরো সেচ প্রকল্পটি সুরক্ষিত থাকত।
গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্পার এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হলে ভাঙন কয়েক বছরের জন্য হলেও ঠেকানো যাবে বলে মন্তব্য করেন তিনি।
গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য খোরশেদ আলম বলেন, "নদী ভাঙনে আমাদের বাড়ি ছয়বার ভেঙেছে। এক সময় চাঁদপুরের পুরান বাজারে মরিচের ব্যবসা ছিল আমাদের। এখন মাছের ব্যবসা করে কোনোমতে সংসার চালাতে হয়।
আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমান জানান, তার ওয়ার্ডের প্রায় ১২ ভাগ এলাকা ইতোমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। বাকি চার ভাগ এলাকাও চরম ঝুঁকির মুখে রয়েছে।
আলগী উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রামের জিন্না সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদী এ পর্যন্ত পাঁচবার তাদের বসতভিটা ও ফসলী জমি কেড়ে নিয়েছে। আলগী বাজারে চা-বিস্কুট বিক্রি করে কোনো মতে সংসার চলছে তার। অথচ এক সময় তিনি ছিলেন বাজারের বড় ব্যবসায়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/জিএনএ/১৮১১ ঘ.
bdnews24