২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় 'বন্দুকযুদ্ধে' লাল পতাকার দুই নেতা নিহত

নওগাঁর আত্রাই উপজেলায় শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) দুই আঞ্চলিক নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 07:10 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

নওগাঁ, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর আত্রাই উপজেলায় শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) দুই আঞ্চলিক নেতা নিহত হয়েছেন। ভোর সাড়ে ৪টায় আত্রাইয়ের মির্জাপুর গ্রামে ওই বন্দুকযুদ্ধ হয় বলে র‌্যাব ও পুলিশ জানায়। নিহতরা হলেন, সাইফুল ইসলাম কাজল (৪২) ও নাসের আলী (৪৮)। নওগাঁয় গত সপ্তাহে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় লাল পতাকার শীর্ষ নেতা ডা. টুটুল। নাম প্রকাশে অনিচ্ছুক এক র‌্যাব কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র‌্যাব-৫ এর একটি দল শুক্রবার ভোররাতে মির্জাপুর গ্রামে অভিযান চালায়। একটি পতিত জমিতে বৈঠককালে র‌্যাব সদস্যরা চরমপন্থীদের ঘিরে ফেলে। ওই সময় চরমপন্থীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলিতে সাইফুল ইসলাম ও নাসের আলী গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন।" আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গুরুতর আহত কাজল ও নাসেরকে ভোরে আত্রাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা জানান, দুজনই মারা গেছেন। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।" ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, একটি ওয়ানশুটারগান, ১২ রাউন্ড গুলি, কয়েকটি ধারালো অস্ত্র এবং চরমপন্থী সংগঠনের কয়েকটি বই উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। কাজলের বাড়ি আত্রাই উপজেলার জামগ্রাামে এবং নাসের আলীর বাড়ি একই উপজেলার আটগ্রামে। কাজলের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র লুটের তিনটি মামলা এবং নাসেরের বিরুদ্ধে মান্দার বিএনপি নেতা মুনছুর আলী মৃধা হত্যাসহ পাঁচটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, নিহত দুই জন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০৪ ঘ.