ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘটের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত সন্দেহে আরও ২৭ বাংলাদেশী শ্রমিককে শুক্রবার দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার।
এ নিয়ে গত বুধবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২২৮ জনকে দেশে ফেরত পাঠানো হল।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৫ টার দিকে কুয়েত এয়ার লাইন্সের একটি বিমানে করে ২৭ জন বাংলাদেশী শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৩ জনের পাসপোর্ট রয়েছে। বাকিদের আউট পাসের মাধ্যমে দেশে পাঠানো হয়েছে।"
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এর আগে বুধবার ৭৮ জন এবং বৃৃহস্পতিবার ১২৩ জন বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো হয়।
পারিশ্রমিক বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নয়নের দাবিতে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোর শ্রমিকরা গত রোববার থেকে ধর্মঘট ও বিক্ষোভ শুরু করে। এদের মধ্যে কেউ কেউ সারা মাস কাজ করে মাত্র ৮ দিনার (৩০ ডলার বা ২ হাজার টাকার কিছু বেশি) পান বলে অভিযোগ আছে।
সেসময় ধর্মঘটী বাংলাদেশীদের মধ্যে কুয়েত পুলিশ কমপক্ষে ৮০০ বাংলাদেশী শ্রমিককে গ্রেপ্তার করে। দোষী সাব্যস্ত না হওয়ায় এদের মধ্যে ৩০০ জনকে ছেড়ে দেয়া হয় বুধবার।
সেখানকার পুলিশ বিক্ষোভের ভিডিও ফুটেজ ও ছবি দেখে দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে। দোষীদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/পিসি/জিএনএ/১১৩৮ ঘ.
bdnews24