ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলার আসামী বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বুধবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
কেন্দ্রীয় কারাগারের জেলার ফারুক আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের নির্দেশে সাবেক মন্ত্রীকে ৫ টা ৪০ এর দিকে মুক্তি দেওয়া হয়েছে।
জেলার আরো বলেন, গ্যাটকো মামলার জামিনের কাগজ এসে পৌঁছালেও দুদকের আরো দু'টি মামলা থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম বুধবার মুক্তি পাননি।
সোমবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ মান্নান ভূঁইয়া, এম শামসুল ইসলাম ও বিএনপি নেতা প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনকে গ্যাটকো দুর্নীতি মামলায় দুই মাসের জামিন দেন। মামলাটির কার্যক্রম ওই সময় পর্যন্ত স্থগিত রাখারও নির্দেশ দেয় আদালত।
হাইকোর্টের জামিনের আদেশ হাতে পাওয়ার পর কারা কর্তৃপক্ষ বুধবার বিকেল ৫ টা ৪০ মিনিটে মান্নান ভূঁইয়াকে মুক্তি দেয়। বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা জেড এ খান, বিএনপি নেতা ফিরোজ খানসহ কয়েকশ নেতাকর্মী কারাগারের বাইরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এর আগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী গত ১৫ জুলাই এবং পরের সপ্তাহে বিএনপি নেতা এম কে আনোয়ার একই মামলায় জামিনে মুক্তি পান।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গতবছর ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন।
খালেদা জিয়া ও কোকোকে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সকালে এ মামলায় গ্রেপ্তার করা হয়।
চলতি বছরের ১৩ মে মোট ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।
এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে ঠিকাদারী প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।
মান্নান ভুঁইয়া গত ১৮ মে এ মামলায় ঢাকার মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/জেকে/এসকে/১৮৩৬ঘ.
bdnews24