চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিউমুরিং মাদ্রাসা সড়কের একটি আবাসিক হোটেল থেকে মঙ্গলবার রাতে অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব দাবি করেছে, গ্রেপ্তারকৃত মোহাম্মদ মিনহাজ (২৪), মানব কুমার সরকার (২৩) ও শাহ পরান (৩৫) সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে রাত ১টার দিকে নিউমুরিং মাদ্রাসা সড়কের একটি হোটেলে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মিনহাজ, মানব ও পরানের কাছ থেকে একটি দেশিয় বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।"
এদিকে, র্যাব কক্সবাজার ক্যাম্পের অপর একটি দল বারুয়াখালী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৫২০ ঘ.
bdnews24