২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টোল-দুর্নীতির অভিযোগে সওজের ৩১ কর্মীর বিরুদ্ধে মামলা

টোল আদায়ে দুর্নীতির অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সাভার ও নারায়ণগঞ্জের ৩১ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মঙ্গলবার আশুলিয়া ও সোনারগাঁও থানায় দু'টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোনারগাঁওয়ে দায়ের হওয়া মামলায় ইজারাদার প্রতিষ্ঠানের এক কর্মকর্তাও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোল আদায়ে দুর্নীতির অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সাভার ও নারায়ণগঞ্জের ৩১ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মঙ্গলবার আশুলিয়া ও সোনারগাঁও থানায় দু'টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোনারগাঁওয়ে দায়ের হওয়া মামলায় ইজারাদার প্রতিষ্ঠানের এক কর্মকর্তাও রয়েছেন। সাভারের আশুলিয়া টোল প্লাজা ও মেঘনা-গোমতি সেতুর টোল আদায়ে দুর্নীতি করে প্রায় ১৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দু'টি করা হয়। প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সওজের ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন দুদকের সহকারী পরিচালক আব্দুল আজিজ ভুঁইয়া। এতে আসামিরা হচ্ছেন সওজ এর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আহম্মেদ ভূইয়া, শফিউল আজম ভূইয়া, শামসুল হক, উপ-বিভাগীয় প্রকৌশলী গোলাম মোহাম্মদ, ফকরুল ইসলাম, আবু হেনা মোহাম্মদ, উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর, শামসুল হক ভুইয়া, আব্দুল মতিন, আব্দুল রাজ্জাক, নুর আলম, সুপারভাইজার (লেবার) আব্দুল লতিফ বিশ্বাস, জাকির হোসেন ও অফিস সহকারী আবু তাহের। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এজাহারের উদ্ধৃতি দিয়ে জানান, আসামিরা ২০০৫ সালের মে মাস হতে ২০০৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত আশুলিয়া টোল প্লাজায় যানবাহন থেকে টোল আদায় করে টাকা সরকারি কোষাগারে জমা দেননি। আদায় করা টাকার বিপরীতে তারা ভুয়া রশিদ ও ভুয়া স্টিকার দিয়েছেন। এদিকে, মেঘনা ও মেঘনা গোমতী টোল প্লাজায় দুর্নীতির অভিযোগে সোনারগাঁও থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক আব্দুল আজিজ ভুইয়া। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ বিভাগের অধীনে মেঘনা ও মেঘনা-গোমতী টোল প্লাজায় ২০০২ সালের জুলাই মাস থেকে ২০০৭ সালের মে মাস পর্যন্ত সওজ কর্মকর্তারা টোল কালেক্টরদের সহায়তায় যানবাহন থেকে টোল আদায় করে তা জমা দেননি। এর মাধ্যমে পাঁচ বছরে তারা প্রায় ১৭৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এজাহারে বলা হয়েছে, টাকা আত্মসাতের জন্য আসামিরা টোলপ্লাজার কম্পিউটার থেকে যানবাহন পারাপারের প্রকৃত তথ্য মুছে ফেলতেন। কখনো কখনো কম্পিউটার বন্ধ রেখেও ভুয়া রশিদ দিয়ে টোল আদায় করা হতো। এ মামলায় আসামি হওয়া সওজের ১৭ কর্মকর্তা-কর্মচারীরা হচ্ছেন- সাবেক নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, বর্তমান নির্বাহী প্রকৌশলী সানাউল হক, উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল হালিম, মনজুর রহমান, নুরুল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম, মোস্তাক আহম্মেদ চৌধুরী, মনজুর আলম, আব্দুল মতিন, গোলাম রহমান চৌধুরী, আহসান উল্লাহ মজুমদার, ওয়ার্ক সুপারভাইজার (টোল কালেক্টর) আব্দুল মান্নান, কবির আহম্মেদ, এ কে এম মজিবুর রহমান খান, আব্দুল বাতেন, খোরশেদ হাসানাত আলম ও লোকমান সিকদার। সেতুতে টোল আদায়ে নিয়োজিত প্রতিষ্ঠান ব্রোমাস জেভি এর প্রতিনিধি আমিন আহম্মেদকেও মামলায় আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এএনএস/জিএমএ/এসএনডি/এমএইচবি/২০৪০ ঘ.