ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটটি দক্ষিণ এশীয় দেশের প্রোগ্রামিং কমিটির বৈঠকের মধ্য দিয়ে রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।
শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) এ সম্মেলনে আগামী ২ ও ৩ আগস্ট 'পার্টনারশিপ অফ আওয়ার পিপল' এই থিম সামনে রেখে বৈঠকে বসবেন সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা। প্রোগ্রামিং কমিটির বৈঠক শীর্ষ সম্মেলনের প্রথম ধাপ।
শীর্ষ নেতাদের বৈঠকের আগে ২৯ ও ৩০ জুলাই আটটি সদস্য দেশের পররাষ্ট্র সচিবরা আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে সার্বিক পর্যবেক্ষণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বয় বিষয়ে বৈঠক করবেন।
এরপর নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র নির্ধারণে ৩১ জুলাই ও ১ আগস্ট বৈঠক করবেন সার্কের পররাষ্ট্রমন্ত্রীরা। পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গঠিত 'কাউন্সিল অফ মিনিস্টার' সংস্থাটি বিভিন্ন সাধারণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যও দায়িত্বপ্রাপ্ত।
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অস্ট্রেলিয়া ও মিয়ানমার সার্কের পর্যবেক্ষক দেশ হওয়ার অনুরোধ জানিয়েছে। এটা সার্কেরই সাফল্য। সার্ক, আসিয়ান, চীন ও জাপান একসঙ্গে কাজ করতে পারলে আগামী শতকের নেতৃত্ব দেবে এশিয়া।"
তিনি জানান, কলম্বো সম্মেলনে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন আঞ্চলিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২৩২৩ ঘ.
bdnews24