রংপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সম্পদের বিষয়ে দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি করার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে বলে সতর্ক করে দিয়েছেন তেল-গ্যাস সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা।
তারা বলেন, তেল গ্যাস কয়লা এ দেশের জাতীয় সম্পদ। এর মালিক জনগণ। জনগণকে বঞ্চিত করে, দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি হতে পারে না। এ ধরনের কোন চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে।
রোববার রংপুর শিশু একাডেমী মিলনায়তনে তেল-গ্যাস, কয়লাসহ খনিজ সম্পদ উত্তোলন ও ব্যবহার শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
তারা আশা প্রকাশ করেন বর্তমান সরকার বিদেশিদের সঙ্গে কোন ধরনের স্বার্থবিরোধী চুক্তি করবে না।
ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করার জন্য এশিয়া এনার্জি এখনও নানা ষড়যন্ত্র করছে বলে বক্তারা অভিযোগ করেন।
তারা এই ষড়যন্ত্র থেকে বিরত থাকার জন্য এশিয়া এনার্জিকে হুঁসিয়ার করে বলেন, এসব চিন্তা বাদ দিতে হবে। অন্যথায় আবারও গণ আন্দোলন গড়ে তুলে সমুচিত জবাব দেবে দেশের মানুষ।
তেল-গ্যাস সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির রংপুর জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক রেজা শাহ তৌফিকুর রহমান। বক্তব্য রাখেন- কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, কলাম লেখক নুর মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকমল হোসেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. আফজাল, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৭ ঘ.
bdnews24