গোপালগঞ্জ, জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য সন্দেহে গোপালগঞ্জে গ্রেপ্তারকৃত পাঁচজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আদালতে হাজির করার আগে অথবা পরে প্রিজন ভ্যান থেকে কোটালীপাড়ায় ব্র্যাক অফিসে ডাকাতি মামলার আসামিদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
রোববার সদর থানা পুলিশ এদের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত হাজির করে রিমান্ডের আবেদন জানায়। হাকিম দিলীপ কুমার ভৌমিক ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।
শুক্রবার রাতে গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে বৈঠকরত অবস্থায় এই পাঁচজনকে গ্রেপ্তার এবং শনিবার রাতে সদর থানায় হস্তান্ত করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরার শাহিনূর জামান (২২), নড়াইলের আইয়ুব আলী (৪২), বাগেরহাটের সেলিম মোল্লা (৩২), জসিম মোল্লা (২০) ও গোপালগঞ্জের আলমগীর শেখ (৩৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সূজা মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ ইতোমধ্যে আসামি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনার বিষয়ে তদন্তে নেমেছে। তারা জেএমবি সদস্য এবং কোন অপারেশনের জন্য একত্রিত হয়েছিল এটা নিশ্চিত।"
তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি।
র্যাব-৮ এর কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটককৃতরা গত শুক্রবার রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ মাঠে বৈঠকে মিলিত হয়। রোববার গোপালগঞ্জ বিশেষ আদালতে কোটালীপাড়ায় ব্র্যাক অফিসে ডাকাতির দুটি মামলার শুনানির দিন ধার্য ছিল।
তারা ওই বৈঠকে এই দুটি মামলার আসামি জেএমবির সাত সদস্যকে আদালতে হাজির করার আগে বা আদালতে কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল। র্যাবের গোয়েন্দা বিভাগ বিষয়টি টের পেয়ে কলেজ মাঠে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে।
তিনি জানান, আটককালে জেএমবি সদস্যদের কাছ থেকে একটি ডায়রি ও জেহাদি কাগজ-পত্র এবং জেএমবি নেতা ফরিদপুর কারাগারে আটক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিব হাসানের হাতের লেখা দাওয়াতি চিঠি উদ্ধার করে। রাকিব হাসান গোপালগঞ্জে ১৭ আগষ্ট বোমা হামলা মামলারও আসামি।
এদিকে রোববার ব্র্যাক অফিস ডাকাতি সংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠিত হয়নি। নিরাপত্তা বাহিনী মামলার আসামিদের নির্ধারিত সময়ের পরে আদালতে হাজির করায় শুনানি পেছানো হয়েছে। আদালত ১৮ আগষ্ট পরবর্তী শুনানীর দিন ধার্য করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৪ ঘ.
bdnews24