পটুয়াখালী, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে শনিবার সন্ধ্যায় দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে অর্ধশত যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। সংঘর্ষের পর একজনের লাশ উদ্ধার করা হলেও ২৫ যাত্রী নিখোঁজ রয়েছেন।
নিহত জয়গুন বিবি (৬৫) নলুয়াবাগী আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা।
উদ্ধার হওয়া ১২ জনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিখোঁজ যাত্রীদের উদ্ধারে পুলিশ ও উদ্ধারকর্মীরা কাজ করছেন।"
স্থানীয় দুজন সাংবাদিক জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে অর্ধশত যাত্রী নিয়ে একটি ট্রলার গলাচিপা থেকে নলুয়াবাগী যাচ্ছিল। রামনাবাদ নদীর বাঁকে সাগর থেকে আসা দ্রুতগামী মাছ বোঝাই আরেকটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ১২ যাত্রী সাঁতরে তীরে আসতে পারলেও এখনও ২৫জন নিখোঁজ রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩১ ঘ.
bdnews24