২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে ছিনতাইকারীদের হাতে ব্যবসায়ী খুন

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল বালিয়াপাড়া সড়কে শনিবার ভোররাতে ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন ফল ব্যবসায়ী নেতা মনির হোসেন (৩৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

নারায়ণগঞ্জ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল বালিয়াপাড়া সড়কে শনিবার ভোররাতে ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন ফল ব্যবসায়ী নেতা মনির হোসেন (৩৫)। মনিরের বাড়ি আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গ্রামে। রূপগঞ্জের ভুলতায় গাউছিয়া বাজারে তিনি ফলের ব্যবসা করতেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, শুক্রবার রাতে নিজের ফলের আড়ত থেকে রিকশায় চড়ে বাড়ির উদ্দেশে রওনা হন মনির হোসেন। রিকশাচালক শহীদের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, বালিয়াপাড়া সড়কে পৌঁছানোর পর সাত থেকে আটজন সশস্ত্র ছিনতাইকারী তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা মনিরের কাছ থেকে ১৫শ টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। মনির বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা রিকশাচালকসহ তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখে। এরপর একই সড়কে ভোর ৪টা পর্যন্ত ছিনতাই চালিয়ে যায় তারা। ওসি ফজলুল করীম বলেন, "ভোর ৪টার দিকে ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় রিকশাচালক শহীদকে ছেড়ে দিলেও মনিরকে হাত পা মুখ বাঁধা অবস্থায় পাশের খালে ফেলে হত্যা করে। শহীদ ঘটনাটি গ্রামবাসীকে জানালে তারা পুলিশে খবর দেয়।" ভোর ৫টার দিকে ভুলতা ফাঁড়ির পুলিশ ডোমাইখালী খাল থেকে হাত পা মুখ বাঁধা অবস্থায় মনিরের লাশ উদ্ধার করে। নিহত ব্যবসায়ীর স্ত্রী হাসিনা বেগম অজ্ঞাত ছিনতাইকারীদের আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। রূপগঞ্জ থানার ওসি জানান, শুধু ছিনতাই, নাকি অন্য কোনো উদ্দেশ্যে মনিকে খুন করা হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমএসবি/২০৩৭ ঘ.