চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর জামিনে মুক্তিসহ নানা কারণে বর্তমান সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন।
তিনি বলেন, "রাজাকার কর্তৃক মুক্তিযোদ্ধার উপর হামলা, যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে নিরবতা এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত রাজাকার কমান্ডার ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সহসা জামিনে মুক্তি সরকারকে জনগণের কাছে বিতর্ককিত করে তুলেছে।"
শনিবার সকালে নগরীর ষ্টুডিও থিয়েটার মিলনায়তনে গোলাম আজম প্রতিরোধ দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত 'যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আন্দোলনে রাজনৈতিক দল ও নাগরিক সমাবেশের ভূমিকা' শীর্ষক এক আলোচনা সভায় অধ্যাপক আনোয়ার এ কথা বলেন।
তিনি বলেন, "আগামী নির্বাচনে যাতে কোন যুদ্ধাপরাধী জিতে আসতে না পারে সেদিকে জনগণকে খেয়াল রাখতে হবে।"
অধ্যাপক আনোয়ার ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
১৪ দলীয় ঐক্যজোটকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আশা-আকাঙ্খার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, "যে কোন মূল্যে এই ঐক্য ধরে রেখে তাদের আগামী নির্বাচনে জিতিয়ে আনতে হবে।"
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, "কোন যুদ্বাপরাধী যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় তা হলে এ ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।"
নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী আমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের নেতা মোজাফ্ফর আহমদসহ বিভিন্ন পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতারা।
আলোচনা সভার আগে যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযোদ্ধা লাঞ্ছনার প্রতিবাদে নগরীর শহীদ মিনারের সামনে বিভিন্ন সংগঠন মানববন্ধন করে।
১৯৯৪ সালের ২৬ জুলাই চট্টগ্রাম লালদীঘি মাঠে জামায়াতের তৎকালীন আমির গোলাম আজমের সমাবেশ প্রতিরোধ করতে গিয়ে জামাতের ক্যাডারদের গুলিতে প্রাণ দেয় এহসানুল হক মনি, টিটু রায়সহ আরও অনেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/জিএনএ/১৫৫৪ ঘ.
bdnews24