২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

সীতাকুণ্ড উপজেলার কদমরসুল ইউনিয়নের কেশবপুর গ্রামে শনিবার সকালে অক্সিজেন কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 09:26 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার কদমরসুল ইউনিয়নের কেশবপুর গ্রামে শনিবার সকালে অক্সিজেন কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় শ্রমিক। নিহতরা হলেন- মো. মামুন (২২) ও মো. সুমন (৩৩)। মামুন আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামের বাসিন্দা এবং অক্সিজেন কারখানার শ্রমিক। সুমন ভাটিয়ারির বাসিন্দা। তবে তিনি অক্সিজেন কারখানা নাকি পাশের রি রোলিং মিলের শ্রমিক সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১ টার দিকে ব্রাদার্স অক্সিজেন নামের এই কারখানায় শ্রমিকরা কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়। কারখানাটির মালিক আবু মহসিন চৌধুরী। তিনি বলেন, "বিস্ফোরণে কারখানার টিনের চালা উড়ে গিয়ে ৪০ হাত দূরে পড়েছে। কর্মরত অবস্থায় ঘটনাস্থলেই মারা গেছেন শ্রমিক মামুন। বিষ্ফোরণে আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।" তবে আহতদের সবাই পাশের একটি স্টিল রি রোলিং মিলের নাকি অক্সিজেন কারখানা সেটা ওসি নজরুল ইসলাম নিশ্চিত করতে পারেননি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিলিন্ডার বিস্ফোরণে আহত তিনজনকে হাসপাতালে আনার পর সুমন নামে একজন মারা গেছেন। অন্য দু'জনের অবস্থা আশঙ্কাজনক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমএসবি/১৫১৯ ঘ.