ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার রপ্তানির জন্য রাশিয়াকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বৃহস্পতিবার সিঙ্গাপুরে রাশিয়ার পরাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান।
শুক্রবার সিঙ্গাপুর থেকে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "রাশিয়া থেকে সার আমাদনির বিষয়ে সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।"
গত ২৬ জুলাই থেকে শুরু হওয়া আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকে অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।
এর আগে কৃষি উপদেষ্টা সি এস করিম জানিয়েছিলেন, আমন মৌসুমে সার সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার রাশিয়া, বেলারুশ ও মরক্কো থেকে আমদানির কথা ভাবছে। গত মাসে ঢাকায় এক বৈঠকে কৃষি ও পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়া ও মরক্কোর রাষ্ট্রদূতকে সারের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধও করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোরড ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এমএইচবি/২২৫৪ ঘ.
bdnews24